সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ২০:২০ পিএম
জামালপুরের সরিষাবাড়ীতে কৃষকের সেচ পাম্পের মোটর চুরি উদ্বেগজনক হারে বেড়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জামালপুরের সরিষাবাড়ীতে কৃষকের সেচ পাম্পের মোটর চুরি উদ্বেগজনক হারে বেড়েছে। উপজেলার ডোয়াইল ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সেচ পাম্পের মোটরসহ পল্লী বিদ্যুতের ১০ কেভি ট্রান্সফর্মারও চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এতে আতঙ্কে রয়েছে কৃষক এবং স্থানীয়রা।
স্থানীয় কৃষক ও পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই উপজেলার ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর, রামপুর ও মহিষাকান্দি গ্রামের শস্যক্ষেতে থাকা কৃষকদের সেচ পাম্পগুলো রাতের আঁধারে চুরি হচ্ছে। সেচ পাম্পের পাশাপাশি একই ইউনিয়নের ঢোলভিটি কালিতলা বাজার থেকে পল্লী বিদ্যুৎ-এর ১০ কেভি ট্রান্সফর্মার চুরি হয়। ফলে বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হতে হয় স্থানীয়দের। এদিকে বসত ঘরের জানালার গ্রিল কেটে মোটর চুরির ঘটনাও ঘটেছে।
প্রতিনিয়ত মোটর চুরি হওয়ার কারণে চাষাবাদ বন্ধ করারও ঘোষণা দেন কৃষক। কৃষক আব্দুর রাজ্জাক, সোবাহান, করিম, জব্বার বলেন, অনেক কষ্টে কেনা মোটর পাম্পের প্রধান অংশগুলো চোরে নিয়ে যাওয়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছি। এদিকে চোরের হাত থেকে রেহাই পাচ্ছে না হাঁস-মুরগিও। একদিকে যেমন আমাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হচ্ছে, তেমনই আসন্ন বোরো আবাদ করা বাদ দিতে হচ্ছে। সরকার যদি ভর্তুকি দেয়, তাহলে আমরা আগের মতো চাষাবাদ করতে পারব।
এ বিষয়ে সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম দেলোয়ার হোসেন খান বলেন, একের পর এক সেচ পাম্পের মোটর চুরির ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা অভিযোগ করছেন, রাতে পাহারা দেওয়ার ব্যবস্থা না থাকায় চোররা সহজেই এই চুরির ঘটনা ঘটাতে পারছে। ভুক্তভোগী কৃষকরা চুরির ঘটনায় সরিষাবাড়ী থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন।
চুরির বিষয় নিয়ে সরিষাবাড়ী থানার ওসি ইকবাল হোসেন বলেন, যেসব এলাকায় সেচ পাম্পের মোটর চুরি হচ্ছে ওইসব এলাকায় অভিযান অব্যাহত আছে। চোর দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি হওয়া যন্ত্রাংশ উদ্ধার করা হবে। একই সঙ্গে এলাকায় চুরি বন্ধে নিয়মিত টহল জোরদার করা হচ্ছে।