এনএ মুরাদ, মুরাদনগর
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ২০:১৬ পিএম
৮০ বছরের বৃদ্ধা সাহেরা বেগম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বয়সের ভারে নতজানু ৮০ বছরের বৃদ্ধা সাহেরা বেগম। স্বামী নেই, পুত্রসন্তানও নেই। তিন মেয়ের মধ্যে বড় ও দ্বিতীয় মেয়ের স্বামীও মারা গেছেন। জীবনের শেষ সময়ে এসে সরকারি বয়স্ক ভাতার ওপরই ছিল তার একমাত্র ভরসা। তবে সেই ভাতার কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে।
বৃদ্ধা সাহেরা বেগম বলেন, ২০১০ সালে রঞ্জু মেম্বার আমাকে একটি বয়স্ক ভাতার কার্ড করে দেন। প্রায় ১০ বছর ভাতা পেয়েছি। কিন্তু ২০২০ সালে জাহাঙ্গীর মেম্বার দায়িত্বে আসার পর থেকে আর ভাতা পাইনি।
সাহেরা বেগম কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর গ্রামের রমিজ উদ্দিন হাজী বাড়ির মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। ভিটেবাড়ি বলতে জরাজীর্ণ একটি ঘরেই বসবাস তার।
স্থানীয়রা জানান, সাহেরা বেগমের কোনো ছেলে সন্তান নেই, তার তিন মেয়েই বিবাহিত। বড় ও দ্বিতীয় মেয়ের স্বামী মারা যাওয়ায় তারাও নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। ফলে বৃদ্ধ বয়সে সাহেরা বেগমের দেখাশোনার জন্য নির্ভর করার মতো তেমন কেউ নেই।
এ বিষয়ে নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর ১ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য দুলাল মিয়া বলেন, জাহাঙ্গীর মেম্বার তার ভাতার কার্ড নিয়েছেন বিষয়টি সঠিক। কার্ডটি তিনি কি করছেন তা বলতে পারি না।
অভিযোগের বিষয়ে জানতে সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বর্তমানে বিদেশে অবস্থান করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মুরাদনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে কম্পিউটারে সাহেরা বেগমের জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করে বলেন, সেখানে তার বয়স্ক ভাতার কার্ডের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। হয়তো ২০২০ সালে তৎকালীন ইউপি সদস্য কার্ডটি অনলাইনে অন্তর্ভুক্ত করেননি।