মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৮:৪৭ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৬ ১৮:৪৯ পিএম
কিশোরগঞ্জ হাওরের পাশের রাস্তায় মানুষদের ভিড়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের আটটি উপজেলায় দুই দিনের ব্যবধানে পানিতে ডুবে ৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার বিকেল পর্যন্ত নিকলী, মিঠামইন, কটিয়াদী, ভৈরব, করিমগঞ্জ, ইটনা, কিশোরগঞ্জ সদর ও বাজিতপুর উপজেলায় পৃথক এসব দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ছয়জন শিশু, দুইজন যুবক ও একজন মধ্যবয়স্ক ব্যক্তি রয়েছেন। তারা হলেন- নিকলীর নানশ্রী গ্রামের মোহাম্মদ হাকিম (৫), গাজীপুরের টঙ্গীর এরশাদ নগরের মাদ্রাসাছাত্র আরিফ হোসেন (১২), কটিয়াদীর দক্ষিণ লোহাজুরি গ্রামের নাঈম মিয়া (১১), ভৈরবের জগন্নাথপুর মধ্যপাড়া এলাকার শুভ ইসলাম স্মরণ (১২), কিশোরগঞ্জ সদর উপজেলার ফিজিওথেরাপিস্ট বাছির উদ্দিন মিলন (৪২), ইটনার পাঁচকাহনীয়া গ্রামের ফাইজা (৮), সদর উপজেলার ডুবাইল গ্রামের ফয়সাল (২২), বাজিতপুরের মিরারবন্দ গ্রামের তাহসিন মিয়া (৩) এবং একই গ্রামের মাওয়া আক্তার।
নিকলী
শুক্রবার সকাল ৮টার দিকে নিকলীর নানশ্রী গ্রামে বাড়ির পাশে বড় ভাই ও অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় পাঁচ বছরের শিশু হাকিম। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টঙ্গী
একই দিন বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের টঙ্গী এলাকার বাইতুল কোরআন কওমি মাদ্রাসার শিক্ষক ও প্রায় ৪০ জন শিক্ষার্থী শিক্ষা সফরে মিঠামইনের হাওরে বেড়াতে আসেন। ভ্রমণ শেষে ইসলামপুর ঘাট এলাকায় গোসল করতে নামলে পানির স্রোতে ভেসে যায় ১২ বছর বয়সী মাদ্রাসাছাত্র আরিফ হোসেন। পরে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।
কটিয়াদী
শুক্রবার দুপুর ২টার দিকে কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরি গ্রামের নাঈম মিয়া কয়েকজন সহপাঠীর সঙ্গে বিলে গোসল করতে যায়। পরে একটি প্লাস্টিকের বোতল আনতে একাই বিলে ফিরে গেলে গভীর পানিতে তলিয়ে যায় সে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভৈরব
অন্যদিকে, ভৈরব উপজেলার জগন্নাথপুর মধ্যপাড়া এলাকার শুভ ইসলাম স্মরণ বৃহস্পতিবার গোসল করতে বের হয়ে নিখোঁজ হয়। শুক্রবার বিকেলে স্থানীয়রা জগন্নাথপুর এলাকার নদীতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
করিমগঞ্জ
শুক্রবার বিকেলে স্ত্রী-সন্তানদের নিয়ে হাওর ভ্রমণে গিয়ে পানিতে তলিয়ে যাওয়া মেয়েকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন ফিজিওথেরাপিস্ট বাছির উদ্দিন মিলন। মেয়েকে নিরাপদে তুলে দিলেও নিজে আর পানির ওপর ভেসে উঠতে পারেননি। পরে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।
বরিবাড়ি
শনিবার সকাল ৮টার দিকে ইটনা উপজেলার বরিবাড়ি ইউনিয়নের পাঁচকাহনীয়া এলাকার নদী থেকে ফাইজা (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে ভাইয়ের সঙ্গে নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়েছিল। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের দীর্ঘ তল্লাশির পরও তাকে পাওয়া যায়নি। পরদিন সকালে ঘটনাস্থলের কাছেই তার মরদেহ ভেসে ওঠে।
কিশোরগঞ্জ সদর
শনিবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ বাজার নদীর ঘাট এলাকায় গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যান ফয়সাল (২২)। তিনি তাবলিগ জামাতের সঙ্গীদের সঙ্গে নীলগঞ্জ বাজার জামে মসজিদে ধর্মীয় কার্যক্রমে অংশ নিতে সেখানে গিয়েছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে নদীতে গোসল করতে নেমে তিনি তলিয়ে যান।
স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে, ডুবুরি দল প্রায় তিন ঘণ্টার উদ্ধার অভিযান চালিয়ে বিকাল পৌনে ৪টার দিকে ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
বাজিতপুর
একই দিন দুপুর আনুমানিক আড়াইটার দিকে বাজিতপুর পৌর শহরের মিরারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের খালে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় দুই শিশু তাহসিন মিয়া (৩) ও মাওয়া আক্তার। কিছুক্ষণ পর খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় লোকজন ও স্বজনরা তাদের উদ্ধার করে দ্রুত বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
পৃথকভাবে এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান, মিঠামইন থানার এসআই তাইজুল ইসলাম, কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম, ভৈরব থানার তদন্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত ওসি) লিমন বোস, করিমগঞ্জ থানার ওসি মো. সোহেব খান, ইটনা থানার ওসি হাবিবুল্লাহ খান, বাজিতপুর থানার ওসি এসএম শহিদুল্লাহ এবং কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোমেন মুর্শেদ।