এনায়েতুর রহমান, পটুয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৮:০৩ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৬ ১৮:৪২ পিএম
দেশের প্রথম বেসরকারি সাপের খামার গড়ে উঠেছে পটুয়াখালীতে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালীতে গড়ে উঠেছে দেশের একমাত্র বেসরকারি ‘স্নেক ভেনম খামার’। গ্রামের বাড়িতে খামারে সারি সারি খাঁচায় লালন-পালন করা হচ্ছে শত শত বিষধর সাপ। যে প্রাণীর নাম শুনলেই অনেকের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে, সেই সাপকেই ঘিরে গড়ে উঠেছে সম্ভাবনাময় খামার।
দীর্ঘ ২৬ বছরের নানা প্রতিবন্ধকতা পেরিয়ে সম্প্রতি প্রাণিসম্পদ অধিদপ্তরের নিবন্ধন পাওয়ায় ওই খামারে বৈধভাবে বিষধর সাপ থেকে ভেনম সংগ্রহের সুযোগ তৈরি হয়েছে।
খামারে উৎপাদিত ভেনম বাজারজাত করা গেলে বছরে প্রায় শত কোটি টাকার বৈদিশক মুদ্রা সাশ্রয় হবে। কিন্তু সরকারি নিবন্ধন পাওয়ার তিন মাস পরও কোনো ওষুধ কোম্পানি ভেনম প্রক্রিয়াজাত করে অ্যান্টিভেনম উৎপাদনে এগিয়ে না আসায় সম্ভাবনাময় ওই উদ্যোগ থমকে আছে।
পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে ২০০০ সালে প্রবাসী উদ্যোক্তা আব্দুর রাজ্জাক বিশ্বাস ব্যক্তিগত উদ্যোগে ‘বাংলাদেশ স্নেক ভেনম’ নামে সাপের খামারটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে খামারটিতে কিং কোবরা, কালাত, কালো গোখরা, খইয়া গোখরা,পাইথন ও দাঁড়াশসহ বিভিন্ন প্রজাতির ২ শতাধিক ছোট বড় সাপ রয়েছে। পরিচর্যায় নিয়মিত কর্মচারী ৮ জন ও মাঠে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক ৮৬ জন। তারা খবর পেয়ে বিভিন্ন এলাকা ও বাড়ী থেকে সাপ উদ্ধার করে খামারে নিয়ে আসে।
খামারী রাজ্জাক বিশ্বাস বলেন, তার খামার থেকে প্রতি মাসে প্রায় এক পাউন্ড সাপের বিষ সংগ্রহ করা সম্ভব, যার আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় আট কোটি টাকা। খামারে উৎপাদিত ভেনম বাজারজাত করা গেলে বছরে প্রায় ১০০ কোটি টাকার বৈদিশক মুদ্রা সাশ্রয় হবে। কিন্তু ভেনম প্রক্রিয়াজাতকরন যন্ত্র না থাকায় বাজারজাত করতে পারছেন না। ফলে খামারে প্রতিদিন প্রায় তিন হাজার টাকা পরিচালন ব্যয়, মাসিক খরচ প্রায় এক লাখ টাকা ব্যক্তিগতভাবে বহন করতে হিমশিম খেতে হচ্ছে।
আর্থিক সংকটের কারণে কর্মচারীদের নিয়মিত বেতন পরিশোধ করতে পারছেন না । এ অবস্থায় অনুমোদিত ভেনম উৎপাদনে যেতে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা প্রয়োজন বলে জানান খামার কর্তৃপক্ষ।
স্বপ্নের যাত্রা শুরু সৌদি আরব থেকে
১৯৯৯ সালে কাজের উদ্দেশ্যে সৌদি আরবে যান রাজ্জাক। সেখানে একটি স্টুডিওতে ফটোগ্রাফারের চাকরি করতেন।
তিনি জানান, ছোটবেলা থেকেই সাপের প্রতি তার আগ্রহ ছিল। বিদেশে থাকাকালে ইউটিউবে বিভিন্ন তথ্যচিত্র ও গবেষণামূলক অনুষ্ঠান দেখে সাপের খামার গড়ে তোলার চিন্তা মাথায় আসে। ২০০০ সালে দেশে ফিরে গ্রামের বিভিন্ন এলাকা থেকে সাপ সংগ্রহ করে ছোট পরিসরে খামার শুরু করেন। শুরুতে এলাকাবাসীর বিরোধিতার মুখে পড়লেও ধীরে ধীরে পরিস্থিতি বদলে যায়।
খামারের পাশাপাশি স্থানীয়দের সেবা
কোথাও বাড়িতে বিষধর সাপ ঢুকেছে বা কেউ সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন, এমন খবর পেলেই দ্রুত সেখানে ছুটে যান তিনি ও স্বেচ্ছাসেবকরা। সাপ উদ্ধার থেকে শুরু করে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে স্থানীয়দের সহযোগিতা করেন। সচেতনতামূলক প্রচারাণয়ায় সাপ আতঙ্ক দূর করেন রাজ্জাক।
আর্থিক সংকটে টিকে থাকার লড়াই
খামারে প্রতিদিন প্রায় তিন হাজার টাকা পরিচালন ব্যয়, মাসিক খরচ প্রায় এক লাখ টাকা ব্যক্তিগতভাবে বহন করতে হিমশিম খেতে হচ্ছে। আর্থিক সংকটের কারণে কর্মচারীদের নিয়মিত বেতন পরিশোধ করতে পারছেন না । এ অবস্থায় অনুমোদিত ভেনম উৎপাদনে যেতে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা প্রয়োজন। খামারের কর্মী হৃদয় বলেন, "মালিক আর্থিক সংকটে থাকায় অনেক সময় নিয়মিত বেতন দিতে পারেন না। প্রয়োজনীয় সহযোগিতা পেলে খামারটি টিকে থাকবে, আমরাও স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ করতে পারব।"
কেন গুরুত্বপূর্ণ এই ভেনম?
বাংলাদেশে প্রতিবছর বহু মানুষ বিষধর সাপের কামড়ে আক্রান্ত হন। উপকূলীয় এলাকায় সময়মতো অ্যান্টিভেনম না পাওয়ায় অনেকের মৃত্যু হয়।
বর্তমানে দেশের হাসপাতালগুলো বিদেশ থেকে আমদানি করা অ্যান্টিভেনমের ওপর নির্ভরশীল। বিশেষজ্ঞদের মতে, দেশে সংগৃহীত সাপের বিষ ব্যবহার করে অ্যান্টিভেনম উৎপাদন সম্ভব হলে আমদানি নির্ভরতা যেমন কমবে, তেমনি হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে। আন্তর্জাতিক বাজারে প্রতি গ্রাম সাপের বিষের দাম প্রজাতিভেদে ১,২০০ থেকে ২,০০০ মার্কিন ডলার পর্যন্ত। ভারত, থাইল্যান্ড, চীন এবং আফ্রিকার কয়েকটি দেশ ইতোমধ্যেই সাপের বিষ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে।
দেশে নতুন এ খাতে অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি বিপুল কর্মসংস্থানেরও সুযোগ রয়েছে।
এ বিষয়ে পটুয়াখালীর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান বলেন,“খামারটিকে ভেনম সংগ্রহের নিবন্ধন দেওয়া হয়েছে। তবে সংগৃহীত ভেনম সরাসরি বাজারজাত করা যাবে না। নির্ধারিত মান বজায় রেখে প্রক্রিয়াজাতকরণ এবং অনুমোদিত ব্যবস্থাপনার মাধ্যমেই তা ওষুধ শিল্পে ব্যবহার করা সম্ভব”।
পটুয়াখালীর সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া বলেন, “উপকূলীয় এলাকায় সাপে কাটা রোগীর চিকিৎসায় অ্যান্টিভেনম অত্যন্ত জরুরি। বর্তমানে এটি বিদেশ থেকে আমদানি করতে হয়। দেশে উৎপাদিত ভেনম থেকে অ্যান্টিভেনম তৈরি হলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে”।
একজন প্রবাসী যুবকের ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা এই স্নেক ভেনম ফার্ম বাংলাদেশের ওষুধ শিল্পে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। প্রতিবছর বাংলাদেশে প্রায় ৮ হাজার কোটি টাকার বিষ আমদানী করতে হয়। রাজ্জাক বিশ্বাস তার সাপের খামার থেকে যদি বিষ প্রক্রিয়াজাতকরণ করে বাজারজাত করতে পারে এবং বিদেশে রপ্তানী করতে পারে তাহলে একদিকে বিষ আমদানীর নির্ভরতা কমবে অপর দিকে দেশের বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।
তবে সেই সম্ভাবনা বাস্তবে রূপ দিতে প্রয়োজন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা এবং সরকারের সমন্বিত উদ্যোগ। নাহলে কোটি টাকার সম্ভাবনা নিয়েও রাজ্জাক বিশ্বাসের এই ব্যতিক্রমী উদ্যোগটি কেবল সম্ভাবনার গল্প হয়েই থেকে যেতে পারে।