কুমিল্লার মেঘনা উপজেলায় দুঃসম্পর্কের ভাগ্নীকে বিয়ে করার অভিযোগে প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় আরিফ প্রধান (৩৮) নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আরিফ প্রধান উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের টিটিরচর গ্রামের বাসিন্দা আলাউদ্দিন মিয়ার ছেলে। তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্যসচিব।
গোবিন্দপুর ইউনিয়নের থানা রোডসংলগ্ন ছোয়ানির মোড় এলাকা থেকে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আরিফ প্রধান প্রথম স্ত্রী ও দুই সন্তান থাকা অবস্থায় সম্পর্কে ভাগ্নী হওয়া প্রতিবেশী চাচাতো বোনের মেয়েকে বিয়ে করেন। পরে এ ঘটনায় তার প্রথম স্ত্রী মোসা. লিজা আক্তার কুমিল্লার আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
মেঘনা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “প্রথম স্ত্রীর দায়ের করা মামলার পর আদালত থেকে আরিফ প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।”