সাম্প্রতিক সময়ে কয়েক দফা পরীক্ষা বন্ধ থাকায় অনেক শিক্ষার্থীর পড়াশোনার ধারাবাহিকতায় কিছুটা ভাটা পড়েছিল। নিয়মিত পড়ার অভ্যাসে ফিরিয়ে আনতে এবং শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি ও মেধা বিকাশে উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জুনায়েত ভূঁইয়া মোহন ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শিমুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে শনিবার সকাল সাড়ে ১১টায় এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। পুরো আয়োজন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
সরেজমিনে দেখা যায়, নির্ধারিত সময়ের অনেক আগেই পাটুয়াভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে শুরু করে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির হাজারো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। অনেক অভিভাবক নিজের সন্তানকে নিয়ে কেন্দ্রে আসেন এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বাইরে অপেক্ষা করেন। কেন্দ্রজুড়ে ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণচাঞ্চল্য, যা পুরো পরিবেশকে উৎসবমুখর করে তোলে।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস। তিনি বিভিন্ন কক্ষ ঘুরে পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং আয়োজকদের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে কথা বলেন।
পরীক্ষায় অংশ নেওয়া চকদিগা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী জহুরা জানায়, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিতে পেরে সে খুবই আনন্দিত। পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন হলে অবশ্যই অংশ নিবেন বলে জানান তিনি।
কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সাদী মোহাম্মদ সাদ বলেন, “আলহামদুলিল্লাহ, পরীক্ষা অনেক ভালো হয়েছে। এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা আমাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে সাহায্য করে”।
স্থানীয় অভিভাবকরা জানান, নিয়মিত পাঠ্যবইয়ের পাশাপাশি এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভালো ফলাফলের জন্য আরও বেশি প্রস্তুতি নিতে উৎসাহিত করে। তাদের মতে, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকলে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
আয়োজক প্রতিষ্ঠান জুনায়েত ভূঁইয়া মোহন ফাউন্ডেশনের চেয়ারম্যান জুনায়েত ভূঁইয়া মোহন বলেন, “বিগত কিছুদিন নিয়মিত পরীক্ষা না থাকায় অনেক শিক্ষার্থী পড়ার টেবিল থেকে দূরে সরে যাচ্ছিল। আমরা চাই তারা আবার বইয়ের কাছে ফিরে আসুক। পরীক্ষা থাকলে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবেই প্রস্তুতি নেয়, বেশি করে পড়ে। সেই চিন্তা থেকেই এই মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে”।
তিনি আরও বলেন, “শুধু মেধাবীদের পুরস্কৃত করাই আমাদের লক্ষ্য নয়, বরং সব শিক্ষার্থীর মধ্যে পড়াশোনার আগ্রহ সৃষ্টি করাই মূল উদ্দেশ্য। তাই বিজয়ীদের পুরস্কারের পাশাপাশি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীর জন্য সৌজন্য উপহারের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের এ উদ্যোগকে আরও সফল করেছে”।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, “এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় আমি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই”।