আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৬:৪৬ পিএম
মাঠে ত্রিপল টানিয়ে সেখানে পাঠদান চলছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নওগাঁর আত্রাই উপজেলার বৈঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবন পরিত্যক্ত ঘোষণা করায় খোলা আকাশের নিচে ত্রিপল টানিয়ে চলছে শ্রেণি কার্যক্রম। বিকল্প ভবনের অভাবে ব্যাহত হচ্ছে পাঠদান, আর চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী ও শিক্ষকরা।
সম্প্রতি সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, নিরাপত্তার স্বার্থে ভবনের শ্রেণিকক্ষগুলো বন্ধ রাখা হয়েছে। মাঠে ত্রিপল টানিয়ে সেখানে পাঠদান চলছে। তবে অফিস কক্ষ স্থানান্তরের সুযোগ না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই পরিত্যক্ত ভবনে দায়িত্ব পালন করছেন শিক্ষকরা।
১৯৬২ সালে উপজেলার বিশা ইউনিয়নের বৈঠাখালী গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৯৪ সালে সরকারিভাবে চার কক্ষবিশিষ্ট একতলা ভবন নির্মাণ করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ১৪৫ জন শিক্ষার্থী, পাঁচজন শিক্ষক এবং একজন নৈশপ্রহরী রয়েছেন।
গত ২৩ জুন পাঠদান চলাকালে তৃতীয় শ্রেণিকক্ষের বিম থেকে পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়। এরপর ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
অভিভাবক খলিলুর রহমান বলেন, “এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে সন্তানদের স্কুলে পাঠিয়ে সারাক্ষণ উৎকণ্ঠায় থাকতে হয়”।
শিক্ষার্থীরা জানায়, ত্রিপলের নিচে ক্লাস করতে অনেক কষ্ট হয়। বৃষ্টি হলে বই-খাতা ও পোশাক ভিজে যায়, আর রোদে প্রচণ্ড গরমে ফ্যান না থাকায় ক্লাস করা কঠিন হয়ে পড়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমৃত কুমার সরকার বলেন, “একমাত্র ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে ত্রিপল টানিয়ে পাঠদান চালানো হচ্ছে। তবে বিকল্প কক্ষ না থাকায় শিক্ষকদের পরিত্যক্ত ভবনেই বসতে হচ্ছে”।
দ্রুত চার কক্ষবিশিষ্ট একটি টিনশেড ভবন নির্মাণ এবং পরিত্যক্ত ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের দাবি জানান তিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম বলেন, “খবর পেয়ে বিদ্যালয় পরিদর্শন করে পরিত্যক্ত ভবনে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে”।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান বলেন, “বিষয়টি জানার পর প্রাথমিকভাবে সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে”।