পুশ-ইনের শিকার হওয়া সাতজন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে সাতজন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা চালিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক তৎপরতা ও কঠোর অবস্থানের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধীন শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৪৫-এর নিকটবর্তী দুর্গাপুর সীমান্ত এলাকায় শনিবার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার ভোরে ভারতের ৪৩ রাজনগর বিএসএফ ক্যাম্পের একটি টহল দল সাতজন ব্যক্তি- যাদের মধ্যে ছয়জন নারী এবং একজন ছেলেশিশু রয়েছে, তাদের জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিষয়টি সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৌশলগত অবস্থান নেন এবং অনুপ্রবেশে বাধা দেন। বিজিবির কঠোর ও সুদৃঢ় অবস্থানের কারণে বিএসএফ সদস্যরা ওই সাতজনকে নিয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন।
প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে বিজিবি জানিয়েছে, পুশ-ইনের শিকার হওয়ার উপক্রম হওয়া ওই সাতজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা সবাই ভারতীয় নাগরিক। ঘটনা চলাকালীন কাউকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হয়নি।
কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তা প্রতিহত করেন”।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও প্রয়োজনীয় প্রতিরোধ মূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশে পুশ-ইন করার নানা অভিযোগ সামনে এসেছে। এসব নিয়ে সীমান্তে যখন নতুন করে আলোচনা-সমালোচনা চলছে, তখন বিজিবি স্পষ্ট করেছে যে তারা আন্তর্জাতিক সীমান্ত আইন এবং বিদ্যমান দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ করেই দায়িত্ব পালন করে যাচ্ছে।