বিভাগীয় শহর হয়েও বিমানবন্দর, গ্যাস সংযোগ, মেরিটাইম একাডেমিসহ একাধিক মৌলিক অবকাঠামোগত সুবিধা থেকে খুলনা এখনও বঞ্চিত, এমন অভিযোগ তুলে নগরীর উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন নাগরিক নেতারা।
তারা বলেন, খুলনার উন্নয়নের প্রশ্নে দলীয় পরিচয় নয়, সবার ঐক্যবদ্ধ অবস্থান প্রয়োজন। একই সঙ্গে আধুনিক ও বহুমাত্রিক জিয়া হলের নির্মাণকাজ দ্রুত শুরু, গল্লামারী সেতুর নির্মাণ দ্রুত শেষ এবং সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বাইপাস সড়ক টেকসইভাবে নির্মাণের দাবি জানান তারা।
শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর শিববাড়ী মোড়ে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এসব দাবি তুলে ধরা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভাগীয় শহরগুলোর মধ্যে খুলনাই সবচেয়ে বেশি অবহেলিত। এখনও এখানে পূর্ণাঙ্গ বিমানবন্দর চালু হয়নি, গ্যাস সরবরাহ নেই, ক্যাডেট কলেজ ও মেরিটাইম একাডেমির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানও প্রতিষ্ঠিত হয়নি। অথচ পাট, চিংড়ি ও অন্যান্য রফতানি পণ্যের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে বৃহত্তর খুলনার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়সহ এ অঞ্চলের অনেক উন্নয়নই আন্দোলনের মাধ্যমে আদায় করতে হয়েছে। তাই খুলনার উন্নয়নের স্বার্থে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তারা বলেন, বর্তমানে খুলনার উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত দায়িত্বশীল জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সরকারের সঙ্গে সমন্বয় করে দ্রুত খুলনা বিমানবন্দর চালুর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি শিল্পাঞ্চলের ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার এবং সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বাইপাস সড়কে নিম্নমানের ইটের সলিংয়ের পরিবর্তে টেকসই নির্মাণ নিশ্চিত করার দাবি জানান।
বক্তাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে নতুন সড়কও বর্ষা শেষ হওয়ার আগেই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে জনদুর্ভোগ আরও বাড়বে।
জিয়া হল প্রসঙ্গে বক্তারা বলেন, অতীতে হলটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা ও ভেঙে ফেলার উদ্যোগ নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। এ ঘটনায় যারা অনিয়ম বা দায়িত্বে অবহেলার সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে আধুনিক ও বহুমাত্রিক জিয়া হলের নির্মাণকাজ আর দেরি না করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, শুধু সড়ক বা ভবন নির্মাণ নয়, নগরীর সৌন্দর্য বৃদ্ধি, সবুজায়ন, খেলার মাঠ সংরক্ষণ এবং পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুণগত মান বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান সভাপতিত্বে ও মহাসচিব অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন খুলনা-২ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা, মহানগর জামায়াতের আমির মাহফুজুর রহমান, জাফর উল্লাহ খান সাচ্চু, মিজানুর রহমান লালু, রেহেনা ঈসা, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের রাশিদুল ইসলাম, ইসলামী আন্দোলনের নাসির উদ্দিন, মিজানুর রহমান বাবুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।