স্বজনদের অনুপস্থিতিতেই গৃহকর্ত্রীর এলাকায় দাফন করা হয়েছে গৃহকর্মী ফারহানা আক্তার প্রিয়াকে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
জীবনের মতো শেষ বিদায়েও সঙ্গী হলো চরম একাকীত্ব। ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত সম্পন্ন হলেও তা নিতে আসেননি পরিবারের কোনো সদস্য।
শেষ পর্যন্ত স্বজনদের অনুপস্থিতিতেই গৃহকর্ত্রীর নিজ এলাকা ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদে দাফন করা হয়েছে কিশোরী গৃহকর্মী ফারহানা আক্তার প্রিয়াকে (১৬)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পরশুরাম উপজেলা গেটসংলগ্ন ‘কাদের টাওয়ার’-এর তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে প্রিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ফ্ল্যাটটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জাহেদা আক্তার তিমুর। সেখানে প্রায় তিন বছর ধরে গৃহকর্মী হিসেবে কাজ করতেন প্রিয়া।
নিহত প্রিয়া নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট এলাকার সাইফুল ইসলাম ও ফারজানা আক্তারের মেয়ে।
পারিবারিক অসচ্ছলতার কারণে প্রায় তিন বছর আগে তাকে ওই বাসায় কাজে দেওয়া হয়েছিল।
গৃহকর্ত্রী জাহেদা আক্তার তিমু জানান, বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার সময় তিনি প্রিয়াকে ভাত রান্না করে খেয়ে নিতে বলে যান। বিকালে স্কুল থেকে ফিরে বাসার দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান।
অনেক ডাকাডাকি ও দরজায় ধাক্কাধাক্কি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় প্রিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান বলেও দাবি করেন তিনি।
খবর পেয়ে পরশুরাম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ধাতব ‘লাভ’ আকৃতির একটি বস্তু এবং ডায়েরির একটি পাতায় ইংরেজি অক্ষরে লেখা ‘K+P’ সম্বলিত একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তবে এসব আলামতের সঙ্গে প্রিয়ার মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।
ময়নাতদন্ত শুক্রবার শেষ হওয়ার দীর্ঘ সময় পার হলেও নিহত কিশোরীর স্বজনরা মরদেহ নিতে না আসায় গৃহকর্ত্রীর নিজ এলাকা পরশুরামের বক্সমাহমুদে তার দাফন সম্পন্ন করা হয়।
পরশুরাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পাশাপাশি প্রিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।