মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৪:৩৮ পিএম
কিশোরগঞ্জে পানিতে ডুবে যাওয়া একজনকে উদ্ধারে এলাকাবাসীর তৎপরতা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানেপানিতে ডুবে চার শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে।
জেলার নিকলী, মিঠামইন, কটিয়াদী, ভৈরব, করিমগঞ্জ ও ইটনা উপজেলায় শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
একের পর এক মৃত্যুর ঘটনায় জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে শিশুদের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে নিহতদের বাড়ির পরিবেশ।
নিহতরা হলেন, নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের নানশ্রী গ্রামের নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ হাকিম, গাজীপুরের টঙ্গী এলাকার এরশাদ নগরের বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে মাদ্রাসাছাত্র আরিফ হোসেন, কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরি গ্রামের মজলু মিয়ার ছেলে নাঈম মিয়া, ভৈরব উপজেলার জগন্নাথপুর মধ্যপাড়া এলাকার মো. সোহেল মিয়ার ছেলে শুভ ইসলাম স্মরণ, কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল এলাকার ফিজিওথেরাপিস্ট বাছির উদ্দিন মিলন এবং ইটনা উপজেলার পাঁচকাহনীয়া গ্রামের মো. নাইমের মেয়ে ফাইজা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে নিকলী উপজেলার নানশ্রী গ্রামে বাড়ির পাশে বড় ভাই ও কয়েকজন শিশুর সঙ্গে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় হাকিম। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই দিন বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের টঙ্গী এলাকার বাইতুল কোরআন কওমি মাদ্রাসার শিক্ষক ও প্রায় ৪০ জন শিক্ষার্থী শিক্ষা সফরে মিঠামইনের হাওরে বেড়াতে আসেন। হাওর ভ্রমণ শেষে ইসলামপুর ঘাট এলাকায় গোসল করতে নামলে পানির স্রোতে ভেসে যায় মাদ্রাসাছাত্র আরিফ। পরে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়।
দুপুর ২টার দিকে কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরি গ্রামের নাঈম মিয়া কয়েকজন সহপাঠীর সঙ্গে বিলে গোসল করতে যায়। পরে একটি প্লাস্টিকের বোতল আনতে একাই বিলে ফিরে গিয়ে পানিতে ডুবে যায় সে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, ভৈরব উপজেলার জগন্নাথপুর মধ্যপাড়া এলাকার শুভ ইসলাম স্মরণ বৃহস্পতিবার গোসল করতে বের হয়ে নিখোঁজ হয়। শুক্রবার বিকালে স্থানীয়রা জগন্নাথপুর এলাকার নদীতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
এদিকে, শুক্রবার বিকালে স্ত্রী-সন্তানদের নিয়ে হাওর ভ্রমণে গিয়ে করিমগঞ্জ উপজেলার বালিখলা হাওরসংলগ্ন মিঠামইনের হাসানপুর ব্রিজ এলাকায় মেয়ে শেমন্ত্রী আক্তার পানিতে তলিয়ে যেতে শুরু করলে তাকে বাঁচাতে ঝাঁপ দেন ফিজিওথেরাপিস্ট বাছির উদ্দিন মিলন। প্রাণপণ চেষ্টায় মেয়েকে নিরাপদে তুলতে সক্ষম হলেও নিজে আর ফিরে আসতে পারেননি। পরে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।
এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ৮টার দিকে ইটনা উপজেলার বরিবাড়ি ইউনিয়নের পাঁচকাহনীয়া এলাকার নদী থেকে ফাইজা নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার বিকালে ভাইয়ের সঙ্গে নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়েছিল। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা দীর্ঘ সময় তল্লাশি চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরদিন সকালে ঘটনাস্থলের কাছেই তার মরদেহ ভেসে ওঠে।
একদিনের ব্যবধানে এতগুলো পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন মহল শিশুদের প্রতি পরিবারের বাড়তি নজরদারি, জলাশয়ের পাশে নিরাপত্তা ব্যবস্থা এবং সাঁতার শেখানোর ওপর গুরুত্বারোপ করেছেন।
নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান, মিঠামইন থানার উপ-পরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম, কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম, ভৈরব থানার তদন্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত ওসি) লিমন বোস, করিমগঞ্জ থানার ওসি মো. সোহেব খান এবং ইটনা থানার ওসি হাবিবুল্লাহ খান পৃথকভাবে ঘটনাগুলোর সত্যতা প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।