লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১২:০২ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৬ ১২:২৪ পিএম
চট্টগ্রামের লোহাগাড়ায় অসুস্থ স্ত্রীকে হাসপাতালে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন এক হোটেল ব্যবসায়ী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
অসুস্থ স্ত্রীকে হাসপাতালে দেখতে গিয়ে আর ফেরা হলো না আলমগীর (৫০) নামের এক হোটেল ব্যবসায়ীর।
চট্টগ্রামের লোহাগাড়ায় মহাসড়ক পার হওয়ার সময় পর
পর দুটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে শেষ পর্যন্ত প্রাণ হারিয়েছেন
মোহাম্মদ আলমগীর এই হোটেল ব্যবসায়ী।
উপজেলার নতুন সাউন্ড হেলথ হাসপাতালের সামনে শুক্রবার
রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর আমিরাবাদ ইউনিয়নের তজু মুন্সির
গ্যারেজ এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলমগীরের স্ত্রী নতুন
সাউন্ড হেলথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। খবর পেয়ে তিনি মহাসড়ক পার হয়ে
হাসপাতালে যাওয়ার চেষ্টা করছিলেন।
এ সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে
সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়লে পেছন থেকে আসা আরেকটি
মোটরসাইকেল তার শরীরের উপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নতুন
সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যান।প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি
হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে একই রাত প্রায়
১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, আলমগীর নিজেই নতুন সাউন্ড হেলথ
হাসপাতালের সামনেই একটি হোটেল পরিচালনা করতেন। প্রতিদিন যাতায়াত করা পরিচিত সেই
সড়কেই শেষ পর্যন্ত তার জীবনের সমাপ্তি ঘটে গেল।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
সালাহ উদ্দিন চৌধুরী জানান, তিনি সরকারি কাজে ঢাকায় রয়েছেন।খবর পেয়ে ঘটনাস্থলে
উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিনকে পাঠানো হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।