পাবনা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ০৯:১১ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৬ ০৯:১৬ এএম
পাবনার সাঁথিয়ায় একটি মসজিদে হাতাহাতির ঘটনাকে বিএনপির পূর্বপরিকল্পিত হামলা বলে অভিযোগ করেছেন এমপি নাজিবুর রহমান মোমেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পাবনার সাঁথিয়ায় একটি মসজিদে হাতাহাতির ঘটনাকে বিএনপির পূর্বপরিকল্পিত হামলা বলে অভিযোগ করেছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
একই সঙ্গে এ ঘটনার জন্য সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমানকে দায়ী করে তার প্রত্যাহারের দাবিও জানান তিনি।
উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের ইমাম হোসাইন অডিটোরিয়ামে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সংসদ সদস্য মোমেন।
তিনি দাবি করেন, জনপ্রতিনিধি হিসেবে মসজিদ কমিটির অনুমতি ও তাদের অনুরোধেই আফতাবনগর বাজার জামে মসজিদে জুমার নামাজে ইমামতি করতে গিয়েছিলেন।
কিন্তু বিএনপির নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে বাধা দিয়ে মসজিদে প্রবেশ করে জামায়াতের নেতাকর্মী ও মুসল্লিদের ওপর হামলা চালায় বলেও দাবি করেন তিনি।
এ ঘটনায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনা ছিল বলেও অভিযোগ করেন তিনি।
তার ভাষ্য, প্রধানমন্ত্রীর দাপ্তরিক দায়িত্ব পালনের পরিবর্তে সাইয়েদ বিন আব্দুল্লাহ স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।
সংবাদ সম্মেলনে ওসি আনিছুর রহমানের সমালোচনা করে তাকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দেন এমপি মোমেন।
তিনি অভিযোগ করেন, ওসির বিরুদ্ধে ঘুষ ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে এবং তিনি জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হয়রানি করছেন।
হামলার শিকার ব্যক্তিরা মামলা করতে থানায় গেলেও তাদের মামলা নিতে বাধা দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোখলেসুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত আমির অধ্যাপক আনিছুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি মোস্তফা কামাল মানিকসহ স্থানীয় জামায়াতের নেতারা।
এর আগে একইদিন জুমার খুতবার ঠিক আগে আফতাবনগর বাজার জামে মসজিদে জুমার নামাজ পড়াতে যান পাবনা-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
দ্বিতীয় খুতবা শুরু হলে উপস্থিত বিএনপির কর্মী-সমর্থকদের একটি অংশ এতে আপত্তি জানায়।
এ নিয়ে মসজিদের ভেতরে জামায়াত ও বিএনপির নেতাকর্মী-সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডা, পরে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে সাঁথিয়া উপজেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।