কচুয়া (চাঁদপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ২২:০৪ পিএম
শিক্ষক সমাবেশ ও মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
২০২৭ সালের জানুয়ারিতে সারাদেশে ৩১ কোটি গুণগত ও মানসম্পন্ন নতুন পাঠ্যবই বিতরণের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একইসাথে পাঠ্যবইয়ে বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে তুলে ধরা হবে, কোনো ধরনের বিকৃতি চলবে না বলেও জানান তিনি।
শুক্রবার (২৪ জুলাই) বিকালে চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষক সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি বলেন, আনন্দময় শিক্ষা শুরু হয়ে গেছে। সিক্স থেকে এইট পর্যন্ত আমরা নতুন বই দেখছি। কারিগরি শিক্ষা, জীবনমুখী শিক্ষা - এগুলোকে সামনে রেখে নতুন বই লেখা হচ্ছে। ২০২৭ সালের জানুয়ারিতে আমরা সারা বাংলাদেশে ৩১ কোটি কোয়ালিটি সম্পন্ন বই বিতরণ করবো।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘এর মধ্যে আমাদের বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে থাকবে। কোনো ইতিহাসকে বিকৃত করা চলবে না। ইতিহাস তার আপন গতিতে চলবে।’
শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রতিটি উপজেলায় নিজস্ব টিম থাকবে। সারা বাংলাদেশে ৫টি বিভাগীয় ও ৬৪টি জেলায় এই খেলা শুরু হবে। আমরা চাই শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও কালচার চর্চা করুক। সিলেবাসে খেলাধুলা ও ফ্যামিলি ভ্যালু ইনক্লুড করা হয়েছে।
মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, সহকারী কমিশনার আবু নাছির, থানার ওসি মো. আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন, সাধারন সম্পাদক মাসুদ এলাহী সুভাষ প্রমুখ।