নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ ও তা উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী এলাকায় জামিয়া মনির উদ্দিন বেপারী কওমি মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা শুক্রবার এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাদ্রাসার ১৫ শতাংশ জমি সাবেক সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের দখলে রয়েছে। পাঁচ গ্রামের মানুষের অবিলম্বে ওই জমি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান এবং সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে মাদ্রাসার ১৫ শতাংশ জমি সাবেক সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর দখল করে রেখেছেন। মামলা হামলার ভয়ে তার বিরুদ্ধে এলাকাবাসী কথা বলতে পারেনি। এসব নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত করে প্রকৃত মালিকানা নিশ্চিত এবং মাদ্রাসার জমি উদ্ধার করে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থ রক্ষার আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, মহসিন ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা যুব জামায়াতের সাধারণ সম্পাদক আল আমিন, মো. সিরাজুল ইসলাম প্রধান, মো. ওবায়দুল হক ভূঁইয়া, আব্দুল হালিম ভূঁইয়া, মো. কামরুল ইসলাম, মো. মোখলেছুর রহমান ও হাজী মো. নুরুজ্জামান ভূঁইয়াসহ আরও অনেকে।
সঞ্চালনা করেন মো. শহিদুল ইসলাম মাস্টার ও আলাল খন্দকার।
মানববন্ধন শেষে ঢাকা - সিলেট মহাসড়কে রূপসী এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।