গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে তাওহীদ (২) নামের দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে।
বগুড়া সদর উপজেলার ২০ নম্বর ওয়ার্ডের সাবগ্রাম রেলগেট সংলগ্ন মাস্টারপাড়া এলাকায় শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাওহীদ ওই এলাকার বাসিন্দা বগুড়া জেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি ও সাবগ্রাম ডেকোরেটর ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে।
বগুড়া নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, সাবগ্রাম রেলগেটের পাশে তাওহীদের বাসা হওয়ায় লাইনের পাশেই খেলছিল সে। অসাবধানতাবশত লাইনের ওপরে যাওয়ায় দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনে কাটা পড়ে সে। স্থানীয়রা আহত শিশুটিকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া বলেন, “শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”