নরসিংদী সংবাদদাতা
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩ ০৯:১০ এএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩ ১১:২০ এএম
বাঁশগাড়ির সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল হক। ছবি : প্রবা
নরসিংদীর রায়পুরায় হত্যা মামলার আসামি বাঁশগাড়ির সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশি ওয়ান শুটারগান ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে রায়পুরা থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মঙ্গলবার (৩ জানুয়ারি) একটি মামলা করা হয় বলে জানান থানার উপপরিদর্শক মাহবুবুর রহমান।
এর আগে সোমবার সন্ধ্যায় পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বালুয়াকান্দি এলাকার একটি ঝোপ থেকে ওই অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আশরাফুল হক বাঁশগাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। তার বাবা প্রয়াত সিরাজুল হক একই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৮ ডিসেম্বর আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থকদের গুলিতে হায়দার আলী সবুজ নামে এক যুবক প্রাণ হারান। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে আশরাফুল হকসহ ৩২ জনের নামে মামলা করা হয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ জানান, সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের বিরুদ্ধে হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে।