× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সকালে ঢালাই, বিকালেই ধসে পড়ল ৩৯ লাখ টাকার সেতু

গৌরনদী (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ১১:৪৯ এএম

বরিশালের গৌরনদীতে খাঞ্জাপুর ইউনিয়নের আহম্মেদকাঠী খালের ওপর নির্মাণাধীন সেতু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের গৌরনদীতে খাঞ্জাপুর ইউনিয়নের আহম্মেদকাঠী খালের ওপর নির্মাণাধীন সেতু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের গৌরনদীতে ৩৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি গার্ডার সেতুর ছাদ ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ধসে পড়েছে।

ছাদে ঢালাইয়ের কাজ বুধবার সকালে শেষ হওয়ার পর বিকেলেই সেটি ভেঙে পড়ে।

এ ঘটনায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)কে না জানিয়ে তার অনুপস্থিতিতে ঢালাই দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে।

তবে ঠিকাদারের দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগেই বিষয়টি জানানো হয়েছিল, কিন্তু তারা ঘটনাস্থলে উপস্থিত হননি।

ঘটনাটি উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের আহম্মেদকাঠী খালের ওপর নির্মাণাধীন সেতুতে ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢালাইয়ের আগে নিয়ম অনুযায়ী পিআইওকে অবহিত করে তার উপস্থিতিতে কাজ সম্পন্ন করার কথা ছিল। কিন্তু অভিযোগ রয়েছে, তা না করেই ঢালাই দেওয়া হয়।

পরে সেতুর ছাদ ধসে পড়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে পুরো কাঠামো ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ দেওয়া হয়।

ঠিকাদার আবুল খায়ের বলেন, মঙ্গলবার সকালে পিআইও ও একজন প্রকৌশলী কাজ পরিদর্শনে এসে বুধবার ঢালাইয়ের বিষয়টি জেনেছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে তারা কেউ উপস্থিত হননি।

তার দাবি, নির্মাণকাজে কোনো অনিয়ম হয়নি। টানা বৃষ্টিতে খালের পানি বেড়ে যাওয়ায় সেন্টারিংয়ে ব্যবহৃত বাঁশ ভেঙে পড়ায় সেতুর ছাদ ধসে যায়।

এতে তার ১২ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

প্রকল্প-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও বাস্তবায়ন প্রকল্পের আওতায় আহম্মেদকাঠী খালের ওপর সেতুটি নির্মাণে ৩৯ লাখ টাকার টেন্ডার দেওয়া হয়।

কাজটি পায় বরিশালের ‘ডায়নামিক আইসিটি সপ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৪ সালের জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা সম্পন্ন হয়নি।

পরবর্তী সময়ে রাজনৈতিক পটপরিবর্তনের পর আগের ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে গৌরনদীর ঠিকাদার আবুল খায়ের কাজটি শুরু করেন। 

চলতি বছরের জুনে সেতুর নির্মাণ শেষ করে হস্তান্তরের লক্ষ্যমাত্রা থাকলেও সেটিও নির্ধারিত সময়ে শেষ হয়নি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র দাস বলেন, কাজে অনিয়ম করার উদ্দেশ্যেই হয়তো তাকে না জানিয়ে ঢালাই দেওয়া হয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত সেতু নির্মাণকাজের বিপরীতে কোনো বিল পরিশোধ করা হয়নি।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, কয়েক দিন আগে পিআইও সেতুটি পরিদর্শন করে নির্মাণকাজে অনিয়মের বিষয় শনাক্ত করেছিলেন। তখন ঠিকাদারকে গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি ঢালাইয়ের আগে তাকে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছিল।

তিনি দাবি করেন, নির্দেশ উপেক্ষা করেই ঢালাই দেওয়া হয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর ছাদ ধসে পড়ে বলে তিনি জানতে পেরেছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা মিললে তাকে কালো তালিকাভুক্ত করার সুপারিশ করে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।

একই সঙ্গে তদন্তে পিআইওর কোনো গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা