প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ২২:৪১ পিএম
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কয়েকটি গ্রাম কুশিয়ারা নদীর ভাঙনের মুখে পড়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের বিভিন্ন অঞ্চলে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, অন্তত ১৫ জেলার কয়েকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে অথবা কাছাকাছি প্রবাহিত হচ্ছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এরই মধ্যে বগুড়া ও হবিগঞ্জে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। তবে কুড়িগ্রামে প্রধান নদ-নদীর পানি কমতে শুরু করায় সেখানে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস মিলেছে।
১৫ জেলার নদ-নদীর পানি বাড়ছে : দেশের অন্তত ১৫ জেলার নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে অথবা বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। এতে নতুন নতুন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বৃহস্পতিবার প্রকাশিত বৃষ্টিপাত, নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে বলা হয়েছে, কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি স্টেশনে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি বেড়েছে, তবে কুশিয়ারার পানি স্থিতিশীল রয়েছে। এক দিন এ অবস্থা বজায় থাকতে পারে। এরপর দুই দিনে পানি কমতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জের সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। পরে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগের আত্রাই ও ছোট যমুনা নদীর পানিও বেড়েছে। এক দিন তা স্থিতিশীল থেকে পরবর্তী দুই দিনে কমতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্রাই নদীর কিছু স্থানে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নওগাঁ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। এ ছাড়া ছোট যমুনা ও আত্রাই নদীর কয়েকটি স্থানে সতর্কসীমা অতিক্রমের আশঙ্কা রয়েছে। এতে নওগাঁ, নাটোর ও সিরাজগঞ্জ জেলার কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। চট্টগ্রাম বিভাগের মুহুরী, ফেনী ও হালদা নদীর পানি বেড়েছে। তবে সেলোনিয়া, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমেছে। এক দিনে এসব নদীর পানি দ্রুত বাড়তে পারে এবং পরবর্তী দুই দিনে স্থিতিশীল থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রামের সাঙ্গু ও মাতামুহুরী নদীর কিছু স্থানে পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে। রংপুর বিভাগের ধরলা ও দুধকুমার নদীর পানি কমেছে। তিস্তার পানি স্থিতিশীল রয়েছে। আগামী এক দিনে তিস্তার পানি বাড়তে পারে, এরপর তা স্থিতিশীল থাকতে পারে।
সারিয়াকান্দি ও ধুনটে যমুনার তীব্র ভাঙন : বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় যমুনা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। সারিয়াকান্দির কুতুবপুর ইউনিয়নের চরমাছিরগাড়া এলাকায় গত এক সপ্তাহে শতাধিক বাড়িঘর ও ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। কামালপুর, বোহাইলসহ কয়েকটি ইউনিয়নেও ভাঙন দেখা দিয়েছে। মাঝিড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ও ঝুঁকির মুখে। ধুনট উপজেলার শহড়াবাড়ি ও বানিয়াজান গ্রামের মধ্যবর্তী প্রায় ২০০ মিটার এলাকায় ভয়াবহ ভাঙন চলছে। স্থানীয়দের দাবি, তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তের কারণে প্রতিদিনই নতুন নতুন জমি, গাছপালা ও বসতভিটা নদীতে বিলীন হচ্ছে।
সারিয়াকান্দিতে পাউবোর দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী লিটন আলী বলেন, চরাঞ্চলের কয়েকটি স্থানে ভাঙন রয়েছে। যেখানে খবর পাওয়া যাচ্ছে, সেখানে জিও ব্যাগ ফেলে জরুরি ভিত্তিতে প্রতিরোধের কাজ চলছে।
পাউবোর বগুড়া পওর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে রয়েছেন এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে।
কুশিয়ারা নদীর ভাঙনে ঝুঁকিতে কয়েকটি গ্রাম : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কয়েকটি গ্রাম কুশিয়ারা নদীর ভাঙনের মুখে পড়েছে। প্রায় দুই মাস ধরে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। সাম্প্রতিক পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে নদীতে পানি বাড়লেও পানি কমার পরও ভাঙন অব্যাহত রয়েছে।
নরজাকান্দা, উমেদনগর, সাহানগর ও রুদ্রনগর এলাকায় গিয়ে দেখা গেছে, স্থানীয়রা ডালপালা, বাঁশ ও অন্যান্য উপকরণ দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন। স্থানীয়দের ভাষ্য, গত প্রায় ১০ বছরে নরজাকান্দা গ্রামে দুই শতাধিক বসতঘর ও প্রায় ৫০ বিঘা ফসলি জমি নদীতে বিলীন হয়েছে।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রেজাউল করিম বলেন, নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুল রহমান জানান, কুশিয়ারা নদীর ভাঙন প্রতিরোধে ৫ কিলোমিটার ২০০ মিটার এলাকায় কাজ হবে। পিরিজপুর ও পুটিয়াকান্দা গ্রামে কাজ শুরু হলেও নদীতে স্রোত বেশি থাকায় তা সাময়িকভাবে বন্ধ রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে সাহানগর এলাকায়ও কাজ শুরু হবে।
কুড়িগ্রামে কমছে বন্যার শঙ্কা, ভাঙন অব্যাহত : উজানের ঢল ও টানা বৃষ্টির পর কুড়িগ্রামের প্রধান নদ-নদীর পানি কমতে শুরু করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে নিম্নাঞ্চল ও চরাঞ্চলের কিছু এলাকায় এখনও পানি আটকে থাকায় দুর্ভোগ পুরোপুরি কাটেনি। তবে জেলার বিভিন্ন নদ-নদীর ৪২টি স্থানে নদীভাঙন অব্যাহত রয়েছে। ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমার নদীর তীরবর্তী এলাকায় প্রতিদিনই বসতভিটা, ফসলি জমি, গ্রামীণ সড়ক ও বিভিন্ন স্থাপনা নদীতে বিলীন হচ্ছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, জেলার প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচে রয়েছে এবং অধিকাংশ পয়েন্টে কমছে। তবে নিম্নাঞ্চলের কিছু এলাকায় জলাবদ্ধতা রয়েছে। উজানে নতুন করে ভারী বৃষ্টিপাত না হলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে। পাশাপাশি নদী ভাঙনপ্রবণ এলাকাগুলোতেও নজরদারি ও প্রতিরোধমূলক কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিবেদনটি তৈরিতে তথ্যসহায়তা করেছেন বগুড়া অফিস, সারিয়াকান্দি (বগুড়া), হবিগঞ্জ ও কুড়িগ্রাম প্রতিবেদক