মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ২১:৪৮ পিএম
কিশোরগঞ্জ কর আইনজীবী সমিতির সভাপতি আবুল কাসেম ও সম্পাদক সালাহউদ্দিন আহমদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কোনো পদেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিশোরগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ অর্থবছরের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ এল এম সাইফুল হক মোল্লার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন অ্যাডভোকেট মো. আবুল কাসেম, সহ-সভাপতি অ্যাডভোকেট মনসুর আলম বাবুল, সাধারণ সম্পাদক আইটিপি সালাহউদ্দিন আহমদ এবং কোষাধ্যক্ষ আইটিপি রাজন কুমার দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট নবী হোসেন এবং লাইব্রেরি সম্পাদক হিসেবে অ্যাডভোকেট শান্তিরঞ্জন কণি নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মাহমুদুল ইসলাম জন, আইটিপি মো. শফিকুল ইসলাম, অ্যাডভোকেট ফখরুল ফজল সেলিম, অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান, আইটিপি হাফিজ উদ্দিন আহমদ (বিল্লাল) এবং অ্যাডভোকেট এ. এস. ওমর ফারুক।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সব প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
নবনির্বাচিত নেতারা কর আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সদস্যদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা, কর আইনবিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি করসেবার মানোন্নয়ন ও করদাতাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।
সমিতির সদস্যদের প্রত্যাশা, নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে এবং কর আইনজীবীদের পেশাগত স্বার্থ ও মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।