শফিক সরকার, ময়মনসিংহ
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ২১:২৪ পিএম
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের পাড়ে সিটি করপোরেশনের উদ্যোগে গড়ে ওঠা ভাষাসৈনিক এমএ মতিন নামে একটি ব্যতিক্রমধর্মী পাঠাগার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের পাড়ে সিটি করপোরেশনের উদ্যোগে গড়ে ওঠা ভাষাসৈনিক এমএ মতিন নামে একটি ব্যতিক্রমধর্মী পাঠাগার। ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই পাঠাগারটি শুধু বই পড়ার স্থান নয়, বরং হয়ে উঠেছিল জ্ঞানচর্চা, ইতিহাস অনুধাবন এবং সাংস্কৃতিক চেতনায় একটি সমৃদ্ধ কেন্দ্র।
যেখানে সব ধরনের পাঠক থাকার কথা ছিল। কিন্তু সেখানে অধিকাংশ সময় দখল করে রাখে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। আর এই পাঠাগারটি গত এক মাস ধরে সংস্কারের নামে বন্ধ করে দেয় সিটি করপোরেশন কর্তৃপক্ষ। তবে পাঠাগারের গ্রন্থাগারিক বলছেন ভিন্ন কথা। পাঠাগার বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
ভাষা আন্দোলনের গর্বিত সৈনিক এমএ মতিনের স্মৃতি ধরে রাখতে তার নামে সিটি করপোরেশনের উদ্যোগে ব্রহ্মপুত্র নদের পাড়ে শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের এক কোণে ২০১৬ সালে গড়ে ওঠে এমএ মতিন পাঠাগার।
শিক্ষার্থী উপমা সরকার বলেন, বিনা নোটিসে পাঠাগারটি বন্ধ করে দেয়। আমরা বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই পাঠাগারে বসে বই পড়তাম। এখানে অন্য পাঠকরাও বই পড়ে। আমরাই এই পাঠাগরাটি চালু রেখেছি। এরপরও কোনো কারণ ছাড়াই পাঠাগারটি বন্ধ করে দেয়া হয়েছে। আমরা বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন মহলে গেলেও পাঠাগারটি চালু হয়নি। আমরা চাই দ্রুত এর একটি সমাধান হোক।
এমএ মতিন পাঠাগারের লাইব্রেরিয়ান ফারজানা ইয়াসমিন বলেন, শিক্ষার্থীরা নিজেদের বইপড়া নিয়ে ব্যস্ত থাকেন। সাধারণ পাঠকের জন্য কোনো বসার জায়গা থাকে না। এমনকি গ্রন্থাগারিকদের সঙ্গেও খারাপ আচরণ করেন শিক্ষার্থীরা।
এই বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশন প্রশাসক রুকুনোজ্জামান রুকন বলেন, সংস্কারের প্রয়োজনে পাঠাগারটি বন্ধ করে রাখা হয়েছে। এরপর পাঠকদের বসার স্থান নির্ধারণ করে পাঠাগার খুলে দেওয়া হবে। আর এখানে নির্ধারিত কোনো পাঠক সারা দিন দখল করে রাখবে এটা ঠিক না।