গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ২১:০৬ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৬ ২১:১৪ পিএম
গোপালগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুজন মিয়া। ফাইল ছবি
গোপালগঞ্জে শিক্ষানবিশ নারী আইনজীবীকে পেপার ওয়েট দিয়ে মাথায় আঘাতকারী বিচারক মো. সুজন মিয়াকে প্রত্যাহার করা হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-১ থেকে বৃহস্পতিবার জারি করা করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব (প্রশাসন-১) এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গোপালগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুজন মিয়াকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিভাগে সংযুক্ত কর্মকর্তা (সিভিল জজ) হিসেবে বদলি করা হয়েছে।
জনস্বার্থে এ আদেশ জারি করা হলো উল্লেখ করে এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের দপ্তর প্রধান মনোনীত কর্মকর্তার কাছে বৃহস্পতিবার অপরাহ্নে দায়িত্বভার অর্পন করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে সুজন মিয়াকে যোগদান করতে হবে।
এর আগে সকালে আইনজীবীরা ওই বিচারকের প্রত্যাহার ও বিচার দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন।
বিচারক মো. সুজন মিয়া বুধবার আদালত কার্যক্রম চলাকালীন কক্ষের পেছনের দিকে একটি কাঁচের পেপার ওয়েট ছুড়ে মারেন। এতে শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতানার মাথা ফেটে যায়। তাৎক্ষনিকভাবে তাকে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এম জুলকদর রহমান বলেন, ওই বিচারক তার সঠিক শাস্তিই পেয়েছেন। তবে তাকে শুধু প্রত্যাহারই নয়, এই ন্যাক্কারজনক ঘটনার জন্য তাকে বিভাগীয় শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।