গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ২০:৫১ পিএম
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক প্রশস্ত করতে শতবর্ষী কড়ই ও মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক প্রশস্ত করতে ১২ থেকে ১৫টি শতবর্ষী কড়ই ও মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে। হাসপাতাল থেকে কলের বাজার পর্যন্ত সড়ক প্রশস্তকরণের অংশ হিসেবে এসব গাছ কাটা হয়েছে বলে জানা গেছে।
তবে পুরনো ও বিশালাকৃতির গাছ কেটে ফেলায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী, হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা।
সরেজমিন দেখা যায়, তাজউদ্দীন হাসপাতালের সামনের সড়কের পাশে থাকা কয়েকটি বড় গাছ ইতোমধ্যে কেটে ফেলা হয়েছে। এর মধ্যে দীর্ঘদিনের পুরনো কড়ই ও মেহগনি গাছও রয়েছে। গাছ কাটার পর সড়কের পাশে পড়ে আছে গাছের গুঁড়ি ও ডালপালা। তবে এখনও অবশিষ্ট রয়েছে একটি শতবর্ষী কড়ই গাছ৷ একসময় এসব বড় গাছ হাসপাতাল এলাকার সৌন্দর্য ও পরিবেশের অন্যতম অংশ ছিল। এখন গাছগুলো কেটে ফেলায় জায়গাটি অনেকটাই ফাঁকা।
স্থানীয় বাসিন্দা জানান, হাসপাতালের সামনে থাকা এসব কড়ই ও মেহগনি গাছের বয়স প্রায় শত বছর বা তারও বেশি। দীর্ঘ সময় ধরে গাছগুলো পথচারী, রোগী ও স্বজনদের ছায়া দিয়ে আসছিল। হাসপাতালের মতো জনবহুল এলাকায় এমন পুরনো গাছ কেটে ফেলা ঠিক হয়নি ৷ রাস্তা প্রশস্ত করা দরকার হলে করা হোক। কিন্তু শতবর্ষী গাছগুলো না কেটে করলে আরও ভালো হতো। এই গাছগুলো শুধু গাছ ছিল না, হাসপাতাল এলাকার পরিবেশ ও সৌন্দর্যেরও অংশ ছিল।
তবে গাজীপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে, হাসপাতাল থেকে কলের বাজার পর্যন্ত সড়কটি প্রশস্ত করা হবে ৷ সড়ক প্রশস্তকরণ ও নির্মাণকাজের জন্য গাছগুলো নিলামের বিক্রি করে দেওয়া হয়েছে। উন্নয়নকাজ বাস্তবায়নের প্রয়োজনেই গাছগুলো অপসারণ করা হয়েছে। সরকারি নিয়ম মেনেই করা হয়েছে।
হাসপাতালের সামনের দোকানদার নুর মোহাম্মদ বলেন, ‘এখানে ১০ বছর ধরে দোকানদারি করি, হাসপাতালে আসা রোগীর স্বজনরা এখানে এসে বসে থাকে ৷ অন্তত ১৫টি গাছ কাটা হয়েছে। গাছগুলো ১০০ বছরের বেশি পুরনো ৷ গাছ তো আমাদের অক্সিজেন দেয়, সব কেটে ফেলা হলো ৷ গাছ না কেটে বিকল্প রাস্তা বের করলে ভালো হইতো, সবাই আফসোস করছে।’
স্থানীয় বাসিন্দা বিপ্লব বলেন, শতবর্ষী গাছগুলো কেটে ফেলার ক্ষতি কোনোভাবেই সহজে পূরণ হওয়ার নয়। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আগে পরিবেশগত বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন ছিল। সড়ক প্রশস্তকরণের প্রয়োজন থাকলেও শতবর্ষী কড়ই ও মেহগনি গাছগুলো রক্ষা করে বিকল্প কোনো পরিকল্পনা নিলে আরও ভালো সিদ্ধান্ত হতো।
হাসপাতালে আসা একজন রোগীর স্বজন তোরাব আলী বলেন, গাছগুলো কাটার আগে হাসপাতাল ও সড়কের আশপাশে দ্রুত নতুন গাছ লাগানোর উদ্যোগ নেওয়া উচিত ছিল ৷ হাসপাতালের সামনে গাছ আজকাল দেখাই যায় না, আর এখানে কেটে ফেলা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী এসএম শামছুর রহমান মাহমুদ বলেন, সড়ক প্রশস্তকরণের জন্য ভূমি অধিগ্রহণ বা জমি একোয়ার করেছি ৷ আমরা গাছ কাটিনি, একোয়ারের পর গাছ বিক্রির টেন্ডার দেওয়া হলে যারা টেন্ডার পেয়েছেন তারাই কেটেছে।