নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ২০:৪১ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৬ ২১:০৮ পিএম
নওগাঁ সদর উপজেলার নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ জন শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নওগাঁয় আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ জন শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে।
জেলার সদর উপজেলার নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার এ ঘটনা ঘটে।
এ ঘটনার জেরে ওইদিন রাতে বিদ্যালয় সংলগ্ন নারচী মোড়ে বিক্ষোভ করেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা। এ সময় ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিক্ষোভকারীরা।
তবে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন অভিযুক্ত শিক্ষক। অভিযুক্ত শিক্ষক আব্দুস সালাম ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত রয়েছেন।
অভিভাবক ও শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, গত বুধবার বিদ্যালয় চলাকালে চতুর্থ শ্রেণির কক্ষে কোনো শিক্ষক না থাকায় এক শিক্ষার্থী গান পরিবেশন করে। গানের শব্দে সহকারী শিক্ষক আব্দুস সালাম শ্রেণিকক্ষে প্রবেশ করে ক্ষুব্ধ হয়ে একখণ্ড বৈদ্যুতিক তার দিয়ে শ্রেণিকক্ষে উপস্থিত শিক্ষার্থীদের বেধড়ক মারধর করেন। এতে শ্রেণিকক্ষে উপস্থিত ২৩ শিক্ষার্থীর মধ্যে ১৭ জন শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়।
বিষয়টি জানাজানি হলে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে সন্ধ্যায় বিদ্যালয় সংলগ্ন নারচী মোড়ে সবাই একত্রিত হয়ে বিক্ষোভ এবং ঘটনার সুষ্ঠু তদন্তসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শামীমা আক্তার ও আব্দুর রহমান বলেন, বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা দল হেরে যাওয়াতে আমরা কয়েকজন মিলে শ্রেণিকক্ষে ব্যঙ্গ করে গান গাইছিলাম। এরপর স্যার এসে আমাদের সবাইকে ইচ্ছেমতো মারধর করেন।
অভিযুক্ত শিক্ষক আব্দুস সালাম বলেন, শিক্ষার্থীদের মারধরে আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।
এ বিষয়ে নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. ছানাউল হাবিব বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।