রংপুর অফিস
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ২০:৩৫ পিএম
রংপুর কারমাইকেল কলেজের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনে করেন শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রংপুর কারমাইকেল কলেজের উন্নয়ন কার্যক্রম আগামী ২৮ জুলাইয়ের মধ্যে দৃশ্যমান না হলে কঠোর কর্মসূচি গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন কয়েকজন শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে কলেজের প্রধান ফটকের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তারা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থী মুহাফিজ মোস্তফা, মাহমুদুল হাসান মাসুম, হাফিজুল ইসলাম বলেন, শতবর্ষী কারমাইকেল কলেজের উন্নয়নে ২০২৫ সালে শিক্ষার্থীরা তীব্র আন্দোলন গড়ে তুলে ৩৭টি দাবি জানায়। এসব দাবির মধ্যে ১২টি শিক্ষা মন্ত্রণালয়ের এবং ২৫টি ছিল কারমাইকেল কলেজ কর্তৃপক্ষের আওতাধীন। ওই সময় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজ প্রশাসন দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। কিন্তু এখনও কলেজের প্রধান ফটক নির্মাণ, লাইব্রেরি সমৃদ্ধকরণ, একাডেমিক ক্লাসরুম ও আবাসনের উন্নয়ন, খেলাধুলার আয়োজন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ ২৫টি দাবি এখনও বাস্তবায়ন হয়নি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, লাইব্রেরি ফি বাবদ প্রতিবছর শিক্ষার্থীদের কাছ থেকে ৫ লাখ টাকা নেওয়া হয়। এতে গত ৫ বছরে ২০ লাখ টাকার বই কেনার কথা থাকলেও শিক্ষার্থীদের জন্য নতুন বই কেনা হয়নি। কলেজ ম্যাগাজিনের জন্য প্রতিবছর শিক্ষার্থীদের কাছ থেকে ৫ লাখ টাকা নেওয়া হলেও কোনো ম্যাগাজিন প্রকাশ করা হয় না। দরিদ্র তহবিলে শিক্ষার্থীদের জন্য প্রতিবছর ৫ লাখ টাকা বরাদ্দ থাকলেও শিক্ষার্থীরা সেই টাকা পায় না।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হোসেন মন্ডল বলেন, দাবির বিষয়ে কোনো শিক্ষার্থী আমার সাথে যোগাযোগ করেনি। আজ (বৃহস্পতিবার) তারা সংবাদ সম্মেলন করে যেসব দাবি উপস্থাপন করেছে এর অনেকগুলো অযৌক্তিক এবং কিছু উস্কানিমূলক। কোথাও দুর্নীতি হয়ে থাকলে তথ্য-প্রমাণ দিলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।