বগুড়া অফিস
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১৮:৩২ পিএম
বগুড়ায় ফুটপাত দখলমুক্ত অভিযানকে কেন্দ্র করে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের সঙ্গে সিটি করপোরেশনের স্বেচ্ছাসেবকদের বাগ্বিতণ্ডা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বগুড়া মহানগরে ফুটপাত দখলমুক্ত অভিযানকে কেন্দ্র করে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের সঙ্গে সিটি করপোরেশনের স্বেচ্ছাসেবকদের বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
ফল ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে বৃহস্পতিবার সকালে ফুটপাতে অবস্থান নিলে স্বেচ্ছাসেবদের সঙ্গে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার রাতে শহরের চাঁদনী বাজার এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে রাখা মালামাল সরাতে যান সিটি করপোরেশনের স্বেচ্ছাসেবকেরা। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এক স্বেচ্ছাসেবককে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি উত্তপ্ত হলে কয়েকজন স্বেচ্ছাসেবক সেখান থেকে সরে যান।
এর জের ধরে বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন ফুটপাতে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ীরা। খবর পেয়ে সদর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ব্যবসায়ী নেতা, শ্রমিক ও প্রশাসনের প্রতিনিধিদের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
বগুড়া সদর ট্রাফিকের প্রধান মো. সালেকুজ্জামান খান বলেন, যানজট নিরসন ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সিটি করপোরেশন নিয়মিত অভিযান পরিচালনা করছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়োজিত স্বেচ্ছাসেবকেরা ফুটপাত দখলমুক্ত করার কাজে যুক্ত আছেন।
বৃহস্পতিবার তাদের দায়িত্ব পালনে ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ীরা বাধা দেন। তারা লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছিলেন। পরে ব্যবসায়ীদের নেতা আলমগীর হোসেনের উপস্থিতিতে আলোচনা করে পরিস্থিতি শান্ত করা হয়।
তবে ব্যবসায়ীদের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন দাবি করেন, বুধবার রাতে যারা অভিযান চালাতে এসেছিলেন, তারা সিটি করপোরেশনের স্বেচ্ছাসেবক ছিলেন না। তাদের কারও পরনে ইউনিফর্মও ছিল না। তাই সিটি করপোরেশনের কোনো স্বেচ্ছাসেবককে লাঞ্ছিত করার ঘটনা ঘটেনি।
আলমগীর হোসেন জানান, আগামী রোববার সকালে সব ফল ব্যবসায়ীকে নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে। এর আগে আগামী তিন দিন কাঁঠালতলা, মাটিডালি, তিনমাথা, সাতমাথা ও স্টেশন রোডসহ শহরের বিভিন্ন এলাকায় ফুটপাতে ফল বিক্রি বন্ধ রাখা হবে। বৈঠকের পর সিটি প্রশাসকের কাছে ফুটপাতে ব্যবসা করা ফল ব্যবসায়ীদের বিষয়ে মানবিক বিবেচনার আবেদন জানানো হবে।
তিনি বলেন, যানজটের জন্য শুধু ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ীরা দায়ী নন। প্রকৃত হকারদের পুনর্বাসন না করে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
সিটি করপোরেশন সূত্র জানায়, শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এর আগে মাইকিং করে অবৈধ স্থাপনা ও দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীদের একাধিকবার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা না মানায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মালামাল জব্দ করা হচ্ছে।
সিটি করপোরেশনের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. পপি খাতুন বলেন, শহরকে যানজটমুক্ত ও নাগরিকবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে অবৈধ দখল ও অনিয়মের সঙ্গে কোনো আপস করা হবে না।