বাসাইল (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১৮:২৮ পিএম
বাসাইল পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাসাইল পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কারকে অগ্রাধিকার দিয়ে ২৫ কোটি ৭৭ লাখ ৩৮ হাজার ৯৯০ টাকা ৮২ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
পৌরসভার সভাকক্ষে বৃহস্পতিবার বেলা ১১টা আয়োজিত উন্মুক্ত সুধী সমাবেশে বাজেট উপস্থাপন করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
ঘোষিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪ কোটি ৬৫ লাখ ২০ হাজার ৭৪৩ টাকা এবং উন্নয়ন আয় ধরা হয়েছে ২১ কোটি ১২ লাখ ১৮ হাজার ২৪৭ টাকা ৮২ পয়সা। ব্যয়ের ক্ষেত্রে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৬৩ লাখ ৫১ হাজার ৬৬০ টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ১২ লাখ ১৮ হাজার ২৪৭ টাকা ৮২ পয়সা। এতে রাজস্ব খাতে উদ্বৃত্ত নেই।
পৌর প্রশাসক ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নাগরিক ভোগান্তির বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় বাসাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শারলী আহমেদ, বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, পৌর বিএনপির সভাপতি আখতারুজ্জামান তুহিন, বাসাইল প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা মোসলিম উদ্দিন আহমেদ্দ, বাসাইল পৌর নির্বাহী কর্মকর্তা আবদুল রাজ্জাক, বাসাইল প্রেস ক্লাবে সভাপতি রুবেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।