মেরিনা লাভলী, রংপুর
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১৮:২০ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৬ ১৯:০৩ পিএম
রংপুরের গঙ্গাচড়ায় নোহালী ইউনিয়নের কাচারীপাড়ায় তিস্তার ভাঙনে সর্বস্ব হারিয়ে এখন শেষ সম্বলটুকু বাঁচাতে মরিয়া মানুষগুলো। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রংপুরে তিস্তা নদীর পানির তোড়ে স্বেচ্ছাশ্রমের বাঁধ ভেঙে তীব্র ভাঙন দেখা দিয়েছে। পানি লোকালয়ে ঢুকে পড়ায় গত দুদিনে পাঁচটি ঘরবাড়ি, ফসলি জমি, পুকুর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জিওব্যাগ ফেলে ভাঙন ঠেকাতে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।
জানা যায়, উজানের পাহাড়ি ঢলে গেল কয়েক সপ্তাহ ধরে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। বুধবার সন্ধ্যা ৬টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ১৭ সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। তিস্তা নদীর পানি বৃদ্ধির কারণে সম্প্রতি গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের নোহালী গ্রামে স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁধ ভেঙে নদীর পানি গ্রামে ঢুকে পড়েছে। ফলে সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। সেই সঙ্গে তীব্র ভাঙন শুরু হয়েছে। গত দুদিনে নোহালী ইউনিয়নের নোহালী গ্রামের আব্দুল করিম, কাচারীপাড়ার সুরুজ মিয়া, সাহাজুল মিয়া, সুলতানা বেগম, শাহজাহান মিয়ার ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। এর মধ্যে শাহজাহান মিয়ার ১১ একর জমি, ৮০ শতকের ওপরে থাকা বাড়ি ও দেড় একরের পুকুর নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে রয়েছে নোহালী চর বাগডোহরা, চিলাখাল, কাচারীপাড়ার প্রাথমিক বিদ্যালয়, মসজিদ-মাদ্রাসা, মন্দিরসহ রাস্তাঘাট।
কাচারীপাড়ার শাহজাহান মিয়া বলেন, ‘মোর আর কিছু থাকিল না। সউগ নদী কাড়ি নিল। প্রশাসন, এমপিক কত কনু নদী কোনা বান্দি দেন। কাউয়ো মোর কতা শুনিল না। এই যে নদী সউগ নিয়া গেইল, মোর এই ক্ষতি কায় পুষে দিবে।’
তিস্তা নদীর গর্ভে বসতভিটা হারানো নোহালী গ্রামের আব্দুল করিম মিয়া বলেন, তিস্তার পানির তোড়ে স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁধের দেড়শ মিটার নদীতে বিলীন হয়ে গেছে। তাই বাঁধ রক্ষায় জিওব্যাগ ফেলে কাজ হবে না। পরিকল্পিতভাবে তিস্তার তীর রক্ষায় স্থায়ী উদ্যোগ প্রয়োজন। আমার বাড়িতে তিনটি ঘর ছিল। নদীতে সেই ঘর বিলীন হয়ে গেছে। অনেকের কাছে মাথা গোঁজার জন্য একটু জায়গা চেয়েছি, কিন্তু কেউ দেয়নি।
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, তিস্তা নদী নিয়ে পারমানেন্ট কোনো কাম না হলে প্রতি বছর আমাদের এমন কষ্ট করা লাগবে।
গঙ্গাচড়া উপজেলা ইউএনও জেসমিন আক্তার বলেন, ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডকে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, নোহালীতে ভাঙনরোধে সাড়ে ৪ হাজার জিওব্যাগ বরাদ্দ করা হয়েছে। ইতোমধ্যে সেই বরাদ্দকৃত জিওব্যাগ নদীতে ফেলা শুরু হয়েছে। আশা করছি ভাঙন প্রতিরোধ হবে।