× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যমুনার ভাঙনে ঝুঁকিতে সড়ক, যান চলাচল বন্ধ

মুসলিম উদ্দিন আহমেদ (টাঙ্গাইল), নূর আলম (গোপালপুর) ও আতিফ রাসেল (ভূঞাপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১৮:১৮ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৬ ১৮:৫৯ পিএম

টাঙ্গাইল-তারাকান্দিন সড়কের গোপালপুর উপজেলার শাখাড়িয়া এলাকা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইল-তারাকান্দিন সড়কের গোপালপুর উপজেলার শাখাড়িয়া এলাকা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যমুনা নদীর তীব্র স্রোত ও অব্যাহত ভাঙনে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের শাখারিয়া-নলিন এলাকায় তারাকান্দি-ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক ভয়াবহ ঝুঁকির মুখে পড়েছে। নদীর ভয়াল আগ্রাসনে ইতোমধ্যে মহাসড়কের একটি বড় অংশ নদীগর্ভে বিলীন হয়েছে।

নতুন করে একাধিক স্থানে ফাটল দেখা দেওয়ায় যেকোনো সময় আরও বড় অংশ ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতির অবনতির কারণে টানা চতুর্থ দিনের মতো সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে হাজার হাজার যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।

গত মঙ্গলবার সরেজমিন দেখা যায়, শাখারিয়া স্লুইসগেট-সংলগ্ন এলাকায় যমুনার তীব্র স্রোত সরাসরি আঘাত হানছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও আঞ্চলিক মহাসড়কে। নলিন বাজার-সংলগ্ন অংশে প্রায় ৬০ ফুট সড়ক নদীগর্ভে বিলীন হয়েছে। পাশাপাশি আরও প্রায় ১০০ ফুট এলাকায় বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে। ভাঙনের বিস্তার অব্যাহত থাকায় নদীপাড়ের মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকে ইতোমধ্যে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেছেন।

স্থানীয়দের আশঙ্কা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি সম্পূর্ণ ভেঙে গেলে শুধু গোপালপুর নয়, ভূঞাপুর, মধুপুরসহ আশপাশের কয়েকটি উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে প্লাবিত হতে পারে। এতে কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

ভাঙনের কারণে গত সোমবার থেকে তারাকান্দি-ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমানে নলিন বাজার হয়ে বিকল্প সড়ক ব্যবহার করে যানবাহন চলাচল করছে। এতে প্রায় ১০ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স ও ছোট যানবাহনের চালকরা অতিরিক্ত সময় ও ব্যয় বহন করতে বাধ্য হচ্ছেন। স্থানীয় ব্যবসায়ীরাও পণ্য পরিবহনে সংকটে পড়েছেন।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু টানা চতুর্থ দিনের মতো গতকালও ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্ট ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং স্থায়ী নদীশাসন প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জরুরি ভিত্তিতে ভাঙনরোধের কাজ শুরু করেছে। প্রতিদিনের মতো মঙ্গলবারও শাখারিয়া স্লুইসগেট-সংলগ্ন ক্ষতিগ্রস্ত এলাকায় শতাধিক জিওব্যাগ ডাম্পিং করতে দেখা যায়। পাশাপাশি নদীর স্রোতের গতি কমাতে সড়কের পাশের কয়েকটি বড় গাছ কেটে গাছের গুঁড়ি নদীতে ফেলা হচ্ছে। শ্রমিকরা প্রবল স্রোতের মধ্যেই ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা সালিম আহমেদ বলেন, প্রতিদিনই যমুনা নতুন নতুন এলাকা গিলে খাচ্ছে। এখন শুধু জিওব্যাগ ফেলে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। কিন্তু স্থায়ী নদীশাসন না হলে আগামী বছর আবারও একই দুর্ভোগে পড়তে হবে।

স্থানীয় শিক্ষিকা আঞ্জু আনোয়ারা (ময়না) বলেন, যমুনার গতিপথ ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। কার্যকর নদীশাসনের ব্যবস্থা না হলে ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। স্থায়ী নদীতীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করা হলে সড়ক এবং নদীপাড়ের মানুষ নিরাপদে বসবাস করতে পারবেন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে অপরিকল্পিত নদী খনন, নদীর স্বাভাবিক প্রবাহে পরিবর্তন এবং কার্যকর নদীশাসনের অভাবেই প্রতিবছর ভয়াবহ ভাঙনের মুখে পড়তে হচ্ছে। প্রতিবছর বর্ষা মৌসুমে জিওব্যাগ ফেলে সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও স্থায়ী সমাধান না হওয়ায় একই সংকটের পুনরাবৃত্তি ঘটছে। তাই দ্রুত একটি টেকসই নদীতীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।

গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুর মোর্শেদ বলেন, যমুনায় পানি বৃদ্ধি পাওয়ায় স্রোতের চাপ অনেক বেড়েছে। প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দীন বলেন, খবর পাওয়ার পরপরই আমরা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। তাৎক্ষণিকভাবে জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের কাজ চলছে। নদীর গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করা হচ্ছে। শুষ্ক মৌসুমে যেসব স্থানে স্থায়ী বাঁধ সংস্কারের প্রয়োজন হবে, সেগুলো সংস্কার করা হলে সড়কটি নিরাপদ রাখা সম্ভব হবে।

এদিকে ভাঙনের বিস্তার এবং যমুনার ক্রমবর্ধমান পানিপ্রবাহে স্থানীয়দের উৎকণ্ঠা বাড়ছে। বর্ষা মৌসুমের বাকি সময়েও পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ভাঙন আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা