রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১৮:০৯ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৬ ১৮:৩০ পিএম
কুড়িগ্রামের চিলমারী উপজেলার কড়াই-বরিশাল এলাকায় ব্রহ্মপুত্র নদে বিলীন হচ্ছে লোকালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বন্যার পানি কমতে না কমতেই কুড়িগ্রামে শুরু হয়েছে নদীর ভাঙনের নতুন আগ্রাসন। পানি কমলেও থামেনি ভাঙন। নদীর তীরজুড়ে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙনের খেলা। প্রতিদিনই নদীতে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও আবাদি ফসল। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হচ্ছেন নদীপাড়ের মানুষ।
জেলার ৪২টি পয়েন্টে ভাঙন দেখা দিলেও দীর্ঘ নদীর তীরের বড় একটি অংশ এখনও অরক্ষিত। এর মধ্যেই চিলমারীতে ৪৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ডান তীর রক্ষা প্রকল্পের বাঁধে গত ১৫ দিনে দুই দফা ধস নামায় নতুন করে দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা।
বুধবার বেলা ৩টার পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ধরলা নদীর কুড়িগ্রাম পয়েন্টে পানি ৪ সেন্টিমিটার কমে বিপদসীমার ৫৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দুধকুমার নদীর পাটেশ্বরী পয়েন্টে পানি কমেছে ৪ সেন্টিমিটার, যা বিপদসীমার ৩৭ সেন্টিমিটার নিচে রয়েছে।
ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে পানি স্থির রয়েছে এবং বিপদসীমার ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে বয়ে যাচ্ছে। তবে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি ১৫ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩৬ সেন্টিমিটার নিচে রয়েছে।
পানি কমলেও ভাঙনের তীব্রতা একচুলও কমেনি। সরেজমিন জেলার বিভিন্ন নদীর তীরবর্তী এলাকা ঘুরে এমন চিত্রই চোখে পড়েছে। কুড়িগ্রাম সদর, উলিপুর, চিলমারী, ভূরুঙ্গামারী ও রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকায় নদী যেন রীতিমতো জনপদ গিলে খাচ্ছে।
কোথাও বসতভিটার কয়েক হাত দূরে নদী, কোথাও আবার চোখের সামনেই তলিয়ে যাচ্ছে আবাদি জমি। ভাঙনের আতঙ্কে অনেক পরিবার ঘরবাড়ি সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, নদীভাঙনে অনেক পরিবার এরই মধ্যে ১০ থেকে ১৫ বার পর্যন্ত বসতভিটা হারিয়েছে। এবার শেষ আশ্রয়টুকুও নদীতে চলে গেলে তাদের মাথা গোঁজার মতো আর কোনো জায়গা থাকবে না। বছরের পর বছর ভাঙনের শিকার হলেও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে নদীপাড়ের মানুষের মধ্যে।
পাউবো সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ১৬টি নদ-নদীর মধ্যে পাঁচটি প্রধান নদ-নদীর দুই তীরের মোট দৈর্ঘ্য ৩৭৪ কিলোমিটার। এর মধ্যে স্থায়ী নদী প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে মাত্র ৬৬ কিলোমিটার এলাকায়। অর্থাৎ দীর্ঘ নদীতীরের বড় একটি অংশই এখনও কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থার বাইরে রয়েছে।
সবচেয়ে বেশি শঙ্কা দেখা দিয়েছে চিলমারী উপজেলার ডান তীর রক্ষা প্রকল্প ঘিরে। গত ১৫ দিনের মধ্যে বাঁধের বিভিন্ন অংশে দুই দফা ধস নেমেছে। ৪৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বাঁধে নতুন করে ধস দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বাঁধের ঝুঁকিপূর্ণ অংশে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
তাদের অভিযোগ, পানি কমার সঙ্গে সঙ্গে নদীতে স্রোতের চাপ বেড়ে যাওয়ায় বাঁধের বিভিন্ন অংশে ভাঙন ও ধস দেখা দিয়েছে। এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বাঁধের বড় অংশ নদীতে চলে যেতে পারে। তখন শুধু কোটি কোটি টাকার সরকারি অবকাঠামোই নয়, চিলমারীর বিস্তীর্ণ জনপদও ভয়াবহ ঝুঁকির মুখে পড়বে।
নদীভাঙনের পাশাপাশি বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার কৃষি খাতও। পটোল, মরিচ, বেগুন, আমনের বীজতলা, পাটসহ বিভিন্ন সবজি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঋণ করে চাষাবাদ করা অনেক কৃষক এখন সর্বস্বান্ত। একদিকে ফসলহানি, অন্যদিকে নদীভাঙন দুই দিকের আঘাতে চরম বিপাকে পড়েছেন তারা।
সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কদমতলা এলাকার কৃষক মেহের আলী বলেন, বন্যার পানিতে আমার বিভিন্ন ধরনের সবজি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তার মধ্যে দুই একর জমির পটোল ক্ষেত নষ্ট হয়েছে। এত বড় ক্ষতির পর কী করব, বুঝতে পারছি না।
একই এলাকার কৃষক ইউনুছ আলী বলেন, আমার তিন একর জমির বেগুন ও পটোলের ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। বিএস এলাকায় আসেন না। কৃষি বিভাগ থেকেও এখন পর্যন্ত কোনো পুনর্বাসন বা প্রণোদনা পাইনি।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, জেলার ৪২টি ভাঙন পয়েন্টে আমাদের নজরদারি ও জরুরি প্রতিরোধমূলক কাজ চলমান রয়েছে। চিলমারীর ডান তীর রক্ষা প্রকল্পের ঝুঁকিপূর্ণ অংশেও পানি উন্নয়ন বোর্ডের লোকজন কাজ করছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে বাঁধটি রক্ষা করা যায়।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকরা পানি নেমে যাওয়ার পর মরিচ, বেগুন, শসা ও বিভিন্ন শাকজাতীয় ফসল আবাদ করতে পারেন, তা সম্ভব না হলে বিকল্প ফসল হিসেবে মাষকলাই চাষ করা যেতে পারে। আবারও বন্যার আশঙ্কা থাকায় উঁচু জমিতে আমনের বীজতলা তৈরির পরামর্শ দেন তিনি। তবে পাট বড় হয়ে যাওয়ায় এ ফসলের ক্ষতি তুলনামূলক কম হয়েছে বলেও জানান তিনি।
পানি কমার পর নদীভাঙন আরও তীব্র হয়ে ওঠায় নতুন করে বিপর্যয়ের শঙ্কায় রয়েছেন নদীর তীরবর্তী মানুষ। তাদের অভিযোগ, প্রতি বছর ভাঙন শুরু হলে জরুরি ভিত্তিতে কিছু কাজ করা হলেও স্থায়ী প্রতিরোধব্যবস্থা গড়ে না ওঠায় বারবার একই পরিস্থিতির পুনরাবৃত্তি হচ্ছে। দ্রুত কার্যকর ও স্থায়ী নদীশাসন ব্যবস্থা নেওয়া না হলে কুড়িগ্রামে নদীভাঙনের ক্ষত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা করছেন তারা।