× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুর

কমছে ঢলের পানি ভেসে উঠছে ক্ষত

নাঈম ইসলাম, শেরপুর

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১৮:০৭ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৬ ১৮:২৪ পিএম

শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজির চর ইউনিয়নে মৃগী নদীতে বাড়িঘর হারিয়ে নির্বাক দম্পতি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজির চর ইউনিয়নে মৃগী নদীতে বাড়িঘর হারিয়ে নির্বাক দম্পতি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শেরপুরে টানা ৭২ ঘণ্টা ভারী বৃষ্টিপাত না হওয়ায় পাহাড়ি ঢলের পানি কমতে শুরু করেছে। জেলার সব প্রধান নদ-নদীর পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও পানি নামার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় ভাঙন ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হয়ে উঠছে।

নালিতাবাড়ীতে পাহাড়ি ঢলে বেইলি সেতুটি ভেসে যাওয়ায় প্রায় ১৫ হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। অন্যদিকে শ্রীবরদীতে মৃগী নদীর অন্তত ২৫ থেকে ৩০টি পয়েন্টে তীব্র ভাঙনে বসতঘর, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার সকাল ৯টায় নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ৭৬ সেন্টিমিটার, ভোগাই নদীর পানি নাকুগাও পয়েন্টে ৩৬৪ সেন্টিমিটার, নালিতাবাড়ী পয়েন্টে ২৩৬ সেন্টিমিটার এবং সদর উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি ৩০৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ঝিনাইগাতী মহারশি ও সোমেশ্বরী নদীর পানিও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

এদিকে নালিতাবাড়ীতে ঢলের তোড়ে ভেসে যাওয়া বেইলি ব্রিজের কারণে নদীর দুই পাড়ের প্রায় ১৫ হাজার মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, কৃষক ও নিত্যকাজে চলাচলকারী মানুষ।

গত সোমবার উপজেলার বাঘবেড় ইউনিয়নের নয়াপাড়া দক্ষিণ সন্ন্যাসীভিটা এলাকায় চেল্লাখালী নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি পাহাড়ি ঢলের তীব্র স্রোতে শিশুসহ তিনজন নদীতে ভেঙে পড়ে। যদিও সাঁতার কেটে তারা নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। এখনও সেতুর দুই প্রান্তের সংযোগ বিচ্ছিন্ন। বিকল্প কোনো সড়ক না থাকায় কয়েক কিলোমিটার পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দারা জানান, নদীর দুই পাড়ে প্রায় ১৫ হাজার মানুষের বসবাস। বেইলি সেতুটি ছিল তাদের যাতায়াতের প্রধান মাধ্যম। স্থানীয় বাসিন্দা জমশেদ আলী বলেন, পানি কমতে শুরু করেছে, কিন্তু সেতু না থাকায় মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। দ্রুত বিকল্প ব্যবস্থা না হলে সাধারণ মানুষের কষ্ট আরও বাড়বে। শিক্ষার্থী রিয়াজ আহম্মেদ বলেন, সেতুটি আমাদের এলাকার মানুষের একমাত্র সহজ যোগাযোগের পথ ছিল। এখন বিদ্যালয়ে যেতে অনেকটা পথ ঘুরতে হচ্ছে। 

ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ভাঙনস্থল পরিদর্শন করে বলেন, নদীভাঙন রোধে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ঝিনাইগাতীতে মহারশি নদীতে একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য সংসদেও বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রীকে অবগত করেছি।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক বলেন, নদীর পানি আরও কমে গেলে ক্ষতিগ্রস্ত সেতুটি সংস্কার কিংবা বিকল্প ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। স্থানীয়দের চলাচলের সুবিধার্থে অস্থায়ীভাবে নৌকার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজির চর ইউনিয়নের মাদারপুরে দেখা দিয়েছে তীব্র নদীভাঙন। মৃগী নদীর ভাঙনে প্রায় দশটি বসতঘর, গাছপালা, কবরস্থানসহ কয়েক একর ফসলি জমি নদীতে ভেসে গেছে। ঝুঁকিতে রয়েছে স্থানীয় একটি সেতু।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী জানান, নদীগুলোর বাঁধে ভাঙন দেখা দিলে জরুরি মেরামতের জন্য জিও ব্যাগ প্রস্তুত করে রাখা হয়েছে। তা ছাড়া ভাঙন হয়েছে এমন স্থানে পানি কমলেই আমাদের কাজ শুরু করা হবে। জেলা কৃষি বিভাগের উপপরিচালক সাখওয়াত হোসেন বলেন, পাহাড়ি ঢলে বীজতলা, সবজি ক্ষেত ও কিছু কলা বাগানের ক্ষয়ক্ষতি হয়েছে। 

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় শুকনো খাবারসহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা