× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পায়রার রাহুগ্রাস

নদীর সঙ্গে যুদ্ধ করে টিকে থাকার সংগ্রাম

কাজল বরণ দাস, পটুয়াখালী

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১৮:০৬ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৬ ১৮:২৩ পিএম

পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের চরখালী গ্রামের প্রমত্ত পায়রা নদের পাড়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের চরখালী গ্রামের প্রমত্ত পায়রা নদের পাড়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নদীর সঙ্গে আর কত যুদ্ধ করব? পাঁচবার ঘর সরিয়েছি। শেষ সম্বল দিয়ে পাকা ঘর তৈরি করেছিলাম। নদী সেটাও খেয়ে ফেলছে। এখন আর যাওয়ার মতো জায়গা নেই। কথাগুলো বলতে বলতে নদীর দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন পটুয়াখালী সদরের ইটবাড়িয়া ইউনিয়নের চাঁন্দোখালী গ্রামের ৭৭ বছর বয়সী ওমেশ চন্দ্র বয়াতি।

কয়েক দিন আগেও যেখানে ছিল তার গোয়ালঘর, আজ সেখানে শুধু পায়রা নদীর উত্তাল ঢেউ। নদীর কিনারায় ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে থাকা পাকা ঘরটিও যেন অপেক্ষা করছে পরবর্তী জোয়ারের।

ওমেশ চন্দ্র বয়াতির গল্প কেবল একজন মানুষের নয়, এটি পটুয়াখালীর নদীপাড়ের হাজারো পরিবারের প্রতিদিনের বাস্তবতা। জেলার পায়রা, তেঁতুলিয়া, আগুনমুখা ও বুড়াগৌরাঙ্গ নদীর অব্যাহত ভাঙনে প্রতিবছর বিলীন হচ্ছে বসতভিটা, কৃষিজমি, গাছপালা, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও যোগাযোগ ব্যবস্থা। নদীর প্রতিটি ঢেউ যেন কেড়ে নিচ্ছে মানুষের স্বপ্ন, স্মৃতি আর বেঁচে থাকার শেষ অবলম্বন।

চাঁন্দোখালী গ্রামের বাসিন্দা ওমেশ চন্দ্র বয়াতি প্রায় ছয় দশক ধরে নদীভাঙনের সঙ্গে লড়াই করে আসছেন। একসময় নদী তার বাড়ি থেকে অনেক দূরে ছিল। কিন্তু বছরের পর বছর ভাঙতে ভাঙতে নদী এসে পৌঁছেছে তার উঠোনে।

ভাঙনের কারণে একবার নয়, পাঁচবার বসতঘর সরাতে হয়েছে তাকে। সবশেষ ২০২২ সালে জীবনের সঞ্চয়, আত্মীয়স্বজনের সহযোগিতা ও ঋণের টাকা দিয়ে একটি পাকা ঘর নির্মাণ করেন। ভেবেছিলেন এবার হয়তো নিশ্চিন্তে বাকি জীবন কাটাতে পারবেন। কিন্তু সেই স্বপ্নও টেকেনি।

মাত্র কয়েক দিন আগে নদীগর্ভে বিলীন হয়েছে তার গোয়ালঘর ও পাকা ঘরের একাংশ। এখন বেড়িবাঁধের পাশে অস্থায়ীভাবে বসবাস করছেন তিনি। প্রতিটি জোয়ার এলেই পরিবারের সদস্যদের নিয়ে আতঙ্কে থাকেন, এই বুঝি শেষ সম্বলটুকুও নদী গিলে খেল।

ভুক্তভোগী ওমেশ চন্দ্র বয়াতি বলেন, ছোটবেলা থেকে এই নদীর পাড়ে আছি। নদী আমার জমি নিয়ে গেছে, ঘর ও গাছপালা নিয়েছে। পাঁচবার ঘর সরিয়েছি। আর কতবার সরাব? সরকার যদি এখন ব্যবস্থা না নেয়, তাহলে আর কিছুই থাকবে না।

চাঁন্দোখালী গ্রামের চিত্র এখন নদীভাঙনের এক নির্মম দলিল। কোথাও বাড়ির আঙিনা নদীতে চলে গেছে, কোথাও বিলীন হয়েছে ফসলি জমি। অনেকে রাত জেগে পাহারা দেন, কেউ আবার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রেখেছেন, যাতে ভাঙন শুরু হলেই দ্রুত ঘর সরিয়ে নিতে পারেন। কেউ কেউ ইতোমধ্যে আত্মীয়স্বজনের বাড়ি কিংবা বেড়িবাঁধের ওপর অস্থায়ী আশ্রয় নিয়েছেন।

স্থানীয় বাসিন্দা ছালমা বেগম বলেন, দিন-রাত শুধু ভয়। কখন নদী ঘরটা নিয়ে যায়, সেই চিন্তায় ঘুম হয় না। কয়েক শতক জমি নদীতে চলে গেছে। এখন বসতভিটাও ঝুঁকিতে।

আরেক ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন, নদীর কারণে কয়েকবার বাড়ি সরিয়েছি। টাকা শেষ, জমি শেষ। এখন যাওয়ার মতো আর জায়গা নেই। ছোট ছোট সন্তান নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছি।

স্থানীয় গৃহবধূ নাজমা বেগম বলেন, জোয়ারের সময় সন্তানদের নিয়ে খুব ভয় লাগে। রাতে ঘুমাতে পারি না। কখন ঘর ভেঙে পড়ে, সেই আতঙ্কে থাকি। নদীভাঙনের ভয়াবহতা শুধু বসতঘরেই সীমাবদ্ধ নয়। কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সদরপুর গ্রামে ভাঙনের মুখে পড়েছে এলাকার একমাত্র যোগাযোগ সড়ক।

বেড়িবাঁধ এখন নদীর কিনারায় ঝুলছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় সেটি নদীগর্ভে বিলীন হতে পারে। এমনটি হলে কয়েক হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বেন। ব্যাহত হবে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, জেলে ও ব্যবসায়ীদের চলাচল। স্থানীয় শিক্ষার্থী মামুন বলেন, এই রাস্তা দিয়েই প্রতিদিন স্কুলে যাই। রাস্তা ভেঙে গেলে আমাদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে।

শুধু চাঁন্দোখালী বা সদরপুর নয়, পটুয়াখালীর কলাপাড়া, গলাচিপা, দশমিনা, বাউফল ও দুমকী উপজেলার বিভিন্ন ইউনিয়নেও একই চিত্র দেখা যাচ্ছে। পায়রা, তেঁতুলিয়া, আগুনমুখা ও বুড়াগৌরাঙ্গ নদীর অব্যাহত ভাঙনে প্রতিবছরই নদীগর্ভে বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। কোথাও হারিয়ে যাচ্ছে বসতভিটা, কোথাও ফসলি জমি, কোথাও শিক্ষাপ্রতিষ্ঠান, আবার কোথাও কাঁচা-পাকা সড়ক।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর নদীভাঙন চললেও স্থায়ী নদীশাসনের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা এলেই কিছু জিওব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হয়। কিন্তু দীর্ঘমেয়াদে তাতে কোনো সুফল মিলছে না।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পটুয়াখালী জেলায় প্রায় ১ হাজার ৩৪০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ৪২০ কিলোমিটার বেড়িবাঁধ বর্তমানে ঝুঁকিতে রয়েছে। জোয়ার, নদীর তীব্র স্রোত ও ভাঙনের কারণে এসব বাঁধের বিভিন্ন অংশে ঝুঁকি ক্রমেই বাড়ছে।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন বলেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে। জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা চলছে। স্থায়ীভাবে নদীভাঙন রোধে প্রকল্প গ্রহণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে পর্যায়ক্রমে টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা