শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১৮:০২ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৬ ১৮:২৭ পিএম
গাজীপুরের শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে স্বপ্রণোদিত হয়ে ড্রেন নির্মাণ করছে স্থানীয় বাসিন্দারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরের শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে স্বপ্রণোদিত হয়ে ড্রেন নির্মাণ করছে স্থানীয় বাসিন্দারা। উপজেলার নয়নপুর এলাকার হানু মার্কেট থেকে ডেকো গার্মেন্টস অভিমুখী আসাদুজ্জামানের বাড়ি পর্যন্ত এক হাজার ফুট ড্রেন নির্মাণকাজ চলমান রয়েছে। নিজেদের অর্থায়নে পরিবেশ ও জনস্বাস্থ্যের সুরক্ষায় তাদের এমন উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি সহায়তার অপেক্ষায় না থেকে এলাকার সাধারণ মানুষ একত্রিত হয়ে নিজেরাই সমস্যা সমাধানের দায়িত্ব নিয়েছেন। ড্রেন নির্মাণে মশার উপদ্রব, দুর্গন্ধ ও পানিবাহিত রোগের প্রকোপ কমে আসবে।
ব্যবসায়ী রফিক মিয়া বলেন, দীর্ঘদিন ধরে মাওনা-ধনুয়া আঞ্চলিক সড়কের ওই অংশ জলাবদ্ধতার কারণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পোশাক কারখানার শ্রমিক, যানবাহনের যাত্রী, চালক ও সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়ে আসছে। নতুন ড্রেন নির্মাণের ফলে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ সৃষ্টি হবে এবং চলাচল আরও সহজ হবে।
অটোরিকশা চালক ফয়েজ উদ্দিন বলেন, বিভিন্ন সময়ে এলাকায় দ্রুত শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠায় সড়কে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের পথ সংকুচিত হয়ে পড়ে। এতে করে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন যানবহানের চালকদেরকে দীর্ঘদিন ধরে সড়কে জমে থাকা ময়লা পানি মাড়িয়ে দুর্ভোগ মাথায় নিয়ে চলাচল করতে হয়েছে। সড়কের সংস্কারকাজ চলমান থাকায় এলাকাবাসী সরকারি সহায়তার অপেক্ষায় না থকে প্রায় ৪০টি পরিবার একত্রিত হয়ে নিজ উদ্যোগে তারা ড্রেন নির্মাণকাজ শুরু করেছে।
স্কুল ও কলেজ শিক্ষার্থী রাকিবুল ইসলাম, সুজন, মর্জিনা ও আলপনা আক্তার বলেন, বছরের ৪-৫ মাস সড়কটির এই নিচু অংশ পানিতে তলিয়ে থাকত। বর্ষা মৌসুমে মাঝেমধ্যে কাদা পানিতে পড়ে জামাকাপড় ভিজে নষ্ট হয়ে গেলে ওইদিন স্কুল বা কলেজে যাওয়া যেত না।
ফল ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, সরকারি সহায়তার অপেক্ষায় না থেকে সম্মিলিতভাবে নিজস্ব অর্থায়নে স্থানীয়দের জনকল্যাণমূলক ড্রেন নির্মাণের এই উদ্যোগ ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠেছে।
মুদি দোকানি ইসমাইল হোসেন বলেন, সরকার বা জনপ্রতিনিধি যদি তাদের মতো চিন্তা করতো তাহলে এ দুর্ভোগ থেকে আমরা আরও আগেই মুক্তি পেতাম।
স্থানীয় বিএনপি নেতা আরিফুল ইসলাম সরকার বলেন, জনস্বার্থে এলাকাবাসীর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ বলেন, দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত জরুরি। তবে কাজ শুরুর আগে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করলে কাজটা আরও সহজ এবং ভালো হতো।