চুরিকৃত মালামালসহ রাকিব মন্ডলকে আটক করা হয়। ফাইল ছবি
ফরিদপুর সদর উপজেলার অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় গভীর রাতে চুরির চেষ্টা নস্যাৎ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
এ সময় চুরিকৃত মালামালসহ রাকিব মন্ডল (৩০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
নিয়মিত টহল দেওয়ার সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে ভবনের এসির বৈদ্যুতিক তার কাটার শব্দ পান ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা।
পিসি মো. আবু বক্কর ও এপিসি মো. শহিদ খানের নেতৃত্বে আনসার সদস্য মো. শাহ আলম এবং মো. রাশেদ মিয়া সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। পরে তারা দ্রুত সতর্ক হয়ে ক্যাম্পে খবর দেন।
সংবাদ পেয়ে অতিরিক্ত আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চারদিক ঘিরে অভিযান চালান। এ সময় চুরিকৃত মালামালসহ রাকিব মন্ডলকে আটক করা হয়। তার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার হামদহ গ্রামে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, আনসার সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপ ও পেশাদারিত্বের কারণে ব্যাংকের সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।