আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসনিক ভবন ও বিভিন্ন পকেট গেটে তালা ঝুলিয়ে কার্যত সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারী আবাসিক হলের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে ক্যান্টিনকর্মীকে আটকের পর খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
দোষীদের শাস্তি, নিরপেক্ষ তদন্ত ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার শিক্ষার্থীরা সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন।
এদিন সকাল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসনিক ভবন ও বিভিন্ন পকেট গেটে তালা ঝুলিয়ে কার্যত সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিজয় ’২৪ হলের ওয়াশরুমে একটি সন্দেহজনক মোবাইল ফোন দেখতে পান কয়েকজন ছাত্রী। পরে হলের ক্যান্টিনে কর্মরত ইমাম হাসানকে (২৪) আটক করা হয়।
তিনি ক্যান্টিন মালিক আসাদুজ্জামানের ছেলে এবং প্রায় দুই বছর ধরে ওই হলে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
শিক্ষার্থীদের দাবি, অভিযুক্তের মোবাইল ফোনে গোপনে ধারণ করা একাধিক ভিডিও পাওয়া গেছে।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হলের ওয়াশরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে গোপনে ভিডিও ধারণ করে সেগুলো বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে পাঠানো হতো। এ বিষয়ে অভিযুক্তের স্ত্রীও অবগত ছিলেন বলেও তারা দাবি করেন।
তবে এসব অভিযোগের সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
ঘটনার পর বুধবার রাতেই শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেন।
হাদি চত্বরে বৃহস্পতিবার সমাবেশ থেকে তারা অভিযোগ করেন, যৌন হয়রানির ঘটনায় অতীতেও প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল।
সুষ্ঠু তদন্ত, দোষীদের সর্বোচ্চ শাস্তি এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
বিজয় ’২৪ হলের এক শিক্ষার্থী বলেন, হলের ভেতরেই যদি নিরাপত্তা নিশ্চিত না হয়, তাহলে শিক্ষার্থীদের ওপর আরোপিত বিভিন্ন বিধিনিষেধের কোনো অর্থ থাকে না।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. সেলিনা আহমেদ বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার আগে মন্তব্য করা সমীচীন নয়। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. মো. তারেক বিন সালাম জানান, অভিযুক্তকে আটক রাখা হয়েছে।
তাকে পুলিশের কাছে সোপর্দ ও মামলা দায়েরের বিষয়টি বিবেচনায় রয়েছে। প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ছাত্রী হলের ক্যান্টিনে পুরুষ কর্মী নিয়োগের বিধান রয়েছে কি না, তা অর্ডিন্যান্স দেখে নিশ্চিত করা হবে।