খুলনা অফিস
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ১৪:২০ পিএম
ছবি: প্রতীকী
খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে বুধবার বিকেল ৫টার দিকে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
স্থানীয়রা জানান, তেঁতুলতলা এলাকার এক গৃহবধূ হারিয়ে যাওয়া হাঁস খুঁজতে গিয়ে একটি পরিত্যক্ত টিনের বেড়াঘেরা ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পান। পরে ঘরের ভেতরে উঁকি দিয়ে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে তিনি স্থানীয় লোকজনকে খবর দেন। পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত যুবকের পরনে কালো রঙের অর্ধহাতা গেঞ্জি ও কালো জিন্সের প্যান্ট ছিল।
তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং মরদেহটি রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।
ঘটনাস্থলে পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা
করছে। মরদেহ ময়নাতদন্তে জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, উদ্ধার হওয়া মরদেহের
পরিচয় শনাক্তের কাজ চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।