অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক। ছবি: ভিডিও থেকে
ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে জেলা পুলিশ, সাংবাদিক নেতাসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বৃহস্পতিবার ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ভোর ৬টা ২২ মিনিটে তার মৃত্যু হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে প্রথমে কুমিল্লা মডার্ন হাসপাতালে চিকিৎসা নেন। পরে গ্রিন লাইফ হাসপাতাল হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পরও তাকে বাঁচানো যায়নি।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ছেলে সাইফুল মালিক ১৯৮১ সালে জন্মগ্রহণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থী তিনি ২০১৬ সালে ৩৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগ দেন।
জুলাই আন্দোলন-পরবর্তী সময়ে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে দায়িত্ব নেন।
তার মৃত্যুতে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রতিদিনের বাংলাদেশের সাংবাদিক দিলীপ মজুমদার ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জীতু শোক প্রকাশ করেছেন।