খুলনা অফিস
প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ২০:৫৬ পিএম
খুলনা নগরীর জাতিসংঘ শিশু পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশের অন্যতম অঞ্চল খুলনা।
অতিবৃষ্টি, তাপদাহ, লবণাক্ততা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয়
জনপদ এবং সুন্দরবনসংলগ্ন এলাকার মানুষ জীবিকা হারিয়ে শহরমুখী হচ্ছে।
এ সংকট মোকাবিলায় ব্যাপক বনায়ন ও বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে
মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
নগরীর জাতিসংঘ শিশু পার্কে বুধবার বেলা ১১টায় নাগরিক ফোরাম, খুলনা
আয়োজিত গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
তিনি এসব কথা বলেন।
পরিবেশ সুরক্ষা ও নগর সবুজায়নের লক্ষ্যে সংগঠনটি নগরীর ৩১টি ওয়ার্ডে
এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, নাগরিক ফোরাম দীর্ঘদিন ধরে নাগরিক সেবামূলক কার্যক্রম পরিচালনা
করে আসছে এবং খুলনার একটি জনপ্রিয় সংগঠন হিসেবে কাজ করছে।
প্রধানমন্ত্রীর ‘সবুজে সাজাই বাংলাদেশ’ কর্মসূচির সঙ্গে একাত্মতা
প্রকাশ করে তিনি বলেন, সরকার প্রতিবছর দেশব্যাপী পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন
করছে।
এ উদ্যোগকে সফল করতে নগরবাসীকে নিজ নিজ বাড়ির চারপাশ সবুজায়ন ও
পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।
পাশাপাশি ভবিষ্যতেও নাগরিক ফোরামের বিভিন্ন কার্যক্রমে সিটি করপোরেশন
সহযোগিতা অব্যাহত রাখবে বলেও আশ্বাস দেন তিনি।
নাগরিক ফোরাম-খুলনার কো-চেয়ারম্যান সরদার আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি
ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।
এছাড়া এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, নাগরিক ফোরামের সঞ্জিতা রাণী,
মো. মঈন উদ্দিন, সাকিল আহমেদ, আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাকসহ সংগঠনের নেতারা উপস্থিত
ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মহাসচিব ইকবাল হাসান তুহিন।
এ সময় নাগরিক ফোরামের ওয়ার্ড কমিটির কাছে ৫০০টি
গাছের চারা হস্তান্তর করেন এবং জাতিসংঘ শিশু পার্কে একটি গাছের চারা রোপণ করেন।
শিগগিরই ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ডে রোপণের জন্য আরও ৫০০টি গাছের চারা
বিতরণ করা হবে। পরে বৃক্ষরোপণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে একটি বর্ণাঢ্য র্যালি বের
করা হয়।
এ সময় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা
প্রকৌশলী মো. আনিসুর রহমান, কনজারভেন্সি অফিসার মো. অহিদুজ্জামান খান, এস্টেট অফিসার
গাজী সালাউদ্দিন, আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ফরিদ আখতারসহ প্রমুখ উপস্থিত
ছিলেন।