নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১৬:০৬ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৬ ১৭:২৫ পিএম
বুধবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
উপজেলার মাঝিকাড়া-গোপালপুর সড়কে বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
উদ্বোধনের পর তিনি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং উপস্থিত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে আব্দুল মান্নান বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর এবং সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হবে। একই সঙ্গে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে নবীনগরকে আরও সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে পরিবেশগত ঝুঁকি বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।
একটি গাছ শুধু পরিবেশকে সবুজ রাখে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, যুবদল নেতা মো. মজনু, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবু কাউছারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।