রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১৫:২৮ পিএম
লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার বাঁধ ভেঙে লোকালয়ে জোয়ারের পানি, ঝুঁকিতে নির্মাণাধীন প্রকল্প। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার মেঘনা নদীর তীরসংরক্ষণ বাঁধের একাধিক স্থান ভেঙে লোকালয়ে জোয়ারের পানি প্রবেশ করছে।
একই সঙ্গে সদ্য নির্মাণাধীন তীররক্ষা বাঁধের বিভিন্ন অংশে ধস দেখা
দেওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।
কয়েকদিনের অতিভারী বৃষ্টি, অস্বাভাবিক জোয়ার ও নদীর তীব্র ঢেউয়ের
চাপে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দ্রুত বাঁধ সংস্কার ও নির্মাণকাজ
শেষ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নের
রঘুনাথপুর তীররক্ষা বেড়িবাঁধ এবং কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের
কানার খাল এলাকার বাঁধ।
এছাড়া চর ফলকনের মাতাব্বরহাট এলাকায় ঠিকাদার জামিল ইকবাল ও রহমানিয়া
কনস্ট্রাকশনের নির্মাণাধীন ২টি প্যাকেজের প্রায় ৬০০ মিটার তীররক্ষা বাঁধের বেশিরভাগ
স্থানেও ধস নেমেছে।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিয়ম না মেনে নদীর তীর থেকেই মাটি
কেটে বাঁধ নির্মাণ করায় এবং দীর্ঘদিন কাজ অসমাপ্ত রাখার কারণে সামান্য দুর্যোগেই বাঁধ
ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরেজমিন বড়খেরী ও চর ফলকন এলাকায় গিয়ে দেখা যায়, যেখানে সিসি ব্লক
থাকার কথা সেখানে অনেক স্থানে ব্লক না থাকায় নদীর স্রোতে নিচের মাটি সরে গিয়ে প্রায়
৪০ থেকে ৫০ ফুট বাঁধ ভেঙে গেছে। ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান জামিল ইকবাল ও রহমানিয়া কনস্ট্রাকশন নদীর তীর
থেকে মাটি কেটে সেই মাটি দিয়ে বেবাঁধ নির্মাণের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান
স্থানীয়রা।
কমলনগরের মাতাব্বরহাট এলাকার বাসিন্দা জহির উদ্দিন বলেন, তীর সংরক্ষণ
বাঁধের ডাম্পিং অনিয়ম ও নদীর তীর থেকে মাটি কেটে বেড়িবাঁধ নির্মাণের কারণে এখন বাঁধে
ধস নেমেছে।
চর ফলকন ইউনিয়নের ৩০০ মিটার তীররক্ষা বাঁধ নির্মাণের ২২/১ নম্বর
প্যাকেজের কার্যাদেশ ২০২২ সালে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংকে দেওয়া হয়। তবে চার বছর অতিক্রম
হলেও প্রকল্পের কাজ শেষ হয়নি।
জিও ব্যাগ ফেলে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রয়েছে। ফলে, ওই অংশ দিয়ে
জোয়ারের পানি ঢুকে আশপাশের এলাকা প্লাবিত হচ্ছে এবং পাশের নির্মাণাধীন বাঁধও হুমকির
মুখে পড়েছে।
এ বিষয়ে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের ম্যানেজার মো. মাসুদ রানা বলেন,
‘বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তবে চার বছরেও বাঁধের কাজ সম্পন্ন কেন হয়নি জানতে চাইলে তিনি বলেন, ৫ আগস্টের পর কোম্পানির
কিছু সমস্যার কারণে দেরি হয়েছে।
কমলনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. আবদুর
রহিম বলেন, চর ফলকনের নির্মাণাধীন বাঁধে ধসের বিষয়টি এবং কাজে কোনো অনিয়ম হয়েছে কি
না তা খতিয়ে দেখা হবে।
একই সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংকে দ্রুত
কাজ শেষ করার নির্দেশ দেওয়া হবে।
রামগতি বড়খেরী এলাকার দায়িত্বপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী
প্রকৌশলী আ. ম. ম. নঈম বলেন, ক্ষতিগ্রস্ত স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করা হবে। দ্রুত
নির্মাণকাজ সম্পন্ন হলে ভবিষ্যতে লোকালয়ে পানি প্রবেশের ঝুঁকি অনেকটাই কমে আসবে।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন বলেন,
বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ধস ও গর্তের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। আশা
করছি, তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ-জামান
খান বলেন, মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ার ও তীব্র ঢেউয়ের কারণে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।
জরুরিভাবে ভাঙা অংশ সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।