× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাজারো গাছের ‘অভিভাবক’ এখন গাছ কাটার আসামি

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১২:৪০ পিএম

আপডেট : ২২ জুলাই ২০২৬ ১২:৫৫ পিএম

মাঠের চারপাশে লুৎফর রহমানের লাগানো আমগাছগুলো বড় হয়ে ছায়া দিচ্ছে খেলোয়াড় ও দর্শকদের। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাঠের চারপাশে লুৎফর রহমানের লাগানো আমগাছগুলো বড় হয়ে ছায়া দিচ্ছে খেলোয়াড় ও দর্শকদের। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুরের বিরামপুরে দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় হাজারো গাছ লাগিয়ে পরিচিতি পাওয়া লুৎফর রহমানের বিরুদ্ধে বন বিভাগের করা মামলাকে ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

স্থানীয় অনেকের অভিযোগ, ঘুষের দাবিতে সাড়া না দেওয়ায় তাকে পরিকল্পিতভাবে মামলায় জড়ানো হয়েছে। যদিও বন বিভাগের দাবি, বিষয়টি আদালতে বিচারাধীন।

লুৎফর রহমান উপজেলার দক্ষিণ শাহাবাজপুর গ্রামের বাসিন্দা ও পেশায় ট্রাকচালক।

স্থানীয়দের দাবি, গত এক দশকে তিনি পাঁচ হাজারেরও বেশি গাছ রোপণ করেছেন। অথচ সেই মানুষকেই এবার গাছ কাটা ও বন বিভাগের জমিতে ধান চাষের অভিযোগে মামলার আসামি হতে হয়েছে।

তাদের অভিযোগ, ২০২৪ সালের জানুয়ারিতে উপজেলা কৃষি অফিস থেকে পাওয়া ২০টি আমগাছের চারা স্থানীয় জনপ্রতিনিধিদের পরামর্শে দক্ষিণ শাহাবাজপুরের দীর্ঘদিনের ফুটবল মাঠের পাশে রোপণ করেন লুৎফর রহমান।

স্থানীয় উদ্যোগে মাঠটিতে ফুটবল টুর্নামেন্ট খেলা চলছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তাদের ভাষ্য, মাঠটিতে আগে কোনো ছায়া দেওয়ার মতো কোনো  গাছ ছিল না এবং বন বিভাগও সেখানে কখনও বৃক্ষরোপণের উদ্যোগ নেয়নি।

অভিযোগ রয়েছে, গাছ লাগানোর কয়েক মাস পর তৎকালীন প্রয়াগপুর বিট কর্মকর্তা মাহমুদার রহমান বন বিভাগের জমিতে গাছ লাগানোর অভিযোগ তুলে লুৎফর রহমানকে ৫০ হাজার টাকা দিতে বলেন।

তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে একই বছরের আগস্টে তার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। মামলায় তর কলেজপড়ুয়া দুই ছেলে হাসেন ও হোসেনকেও আসামি করা হয় বলেও অভিযোগ উঠেছে।

মামলার এজাহারে বন বিভাগের প্রায় ২০ শতক জমির চারা গাছ কেটে সেখানে ধান চাষের অভিযোগ আনা হয়েছে। তবে স্থানীয়দের দাবি, অভিযোগের সঙ্গে বাস্তবতার মিল নেই।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই স্থানে স্থানীয় উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট চলছিল। মাঠের চারপাশে লুৎফর রহমানের লাগানো আমগাছগুলো বড় হয়ে ছায়া দিচ্ছে খেলোয়াড় ও দর্শকদের।

স্থানীয় ফুটবল টুর্নামেন্টের রেফারি বকুল হোসেন বলেন, প্রায় দুই দশক আগে গ্রামের প্রবেশপথে লুৎফর রহমানের লাগানো তালগাছ এখন এলাকার সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি মানুষের উপকারে আসছে।

যেখানে সুযোগ পান, সেখানেই তিনি গাছ লাগান। তার বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ বিশ্বাসযোগ্য নয় বলেও দাবি করেন তিনি।

কুশাগাড়ি গ্রামের বাসিন্দা আব্দুল হাকিমও বলেন, লুৎফর রহমান গাছ লাগানোর মানুষ, গাছ কাটার নন। কেউ গাছের ডাল কাটলেও তিনি প্রতিবাদ করেন।

অভিযোগ অস্বীকার করে লুৎফর রহমান বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের পরামর্শে আমগাছ লাগিয়েছিলেন। ঘুষের টাকা না দেওয়ায় তাকে ও তার দুই ছেলেকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।

তার দাবি, যে জায়গায় ধান চাষের অভিযোগ আনা হয়েছে, সেটি প্রায় তিন ফুট উঁচু, সেখানে ধান চাষ সম্ভব নয়। তিনি ন্যায়বিচার চান।

খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিত্ত রঞ্জন শাহা বলেন, মাঠের পাশে গাছ লাগানোর আগে লুৎফর রহমান তার সঙ্গে আলোচনা করেছিলেন এবং তিনি এতে উৎসাহ দিয়েছিলেন। পরে মামলা হওয়ার বিষয়টি তাকে বিস্মিত করেছে।

এ বিষয়ে তৎকালীন বিট কর্মকর্তা মাহমুদার রহমান বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন, তাই আদালতের মাধ্যমেই এর নিষ্পত্তি হবে।

বিরামপুর বন বিভাগের চরকাই রেঞ্জ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, তিনি সম্প্রতি দায়িত্ব নিয়েছেন এবং মামলার বিস্তারিত জানেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন বলেন, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা