বরিশাল বিশ্ববিদ্যালয়েরভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী উচ্ছ্বাস কর্মকার। ছবি: সংগৃহীত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উচ্ছ্বাস কর্মকারের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের নিচতলার মেস কক্ষ মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত ও তদন্তের ওপর গুরুত্ব দিচ্ছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, কক্ষটি কয়েকদিন ধরে ভেতর থেকে বন্ধ ছিল। মঙ্গলবার রাতে কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে আশপাশের বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে বরিশাল বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও প্রক্টরিয়াল টিমের সদস্য ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, “ঘটনাস্থলে গিয়ে আমরা শিক্ষার্থীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।”
উদ্ধার অভিযানে থাকা বরিশাল বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত দুই দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।