সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৭:০৩ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৬ ১৮:০০ পিএম
নদী রক্ষায় বালু উত্তোলন বন্ধের দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন কর্মসূচি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদী রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে।
উপজেলার পিংনা ইউনিয়নের গোপালগঞ্জ হাটখোলা এলাকায় তারাকান্দি-ভূয়াপুর মহাসড়কে কয়েকটি গ্রামের জনগণের অংশগ্রহণে মঙ্গলবার দুপুরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া বেলাল হোসেন ময়নাল বলেন, “দীর্ঘদিন ধরে যমুনা নদীতে বিলীন হওয়া জমিতে চর জাগলেও একটি চক্র দীর্ঘদিন ধরে নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। যার ফলে, রসপাল, গোপালগঞ্জ, কাওয়ামারা, পিংনা, নলসন্ধ্যা, উল্লাসহ বিভিন্ন এলাকা ভাঙনের মুখে পড়েছে। তাই যত দ্রুত সম্ভব এ নদী হতে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের নিকট জোর দাবি জানাই”।
নদীতে বাড়ি-ঘর হারানো হাতেম আলী বলেন, “যমুনা নদী থেকে বালু উত্তোলনের ফলে আমার বাড়ি-ঘর সব নদী নিয়ে গেছে। প্রতিনিয়ত ওঠানো হচ্ছে নদী থেকে বালু। প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা কোথায় যাবো”।
উপজেলা নির্বাহী (কর্মকর্তা) আফরোজা আফসানা বলেন, “বালু উত্তোলন বন্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে। পিংনা সহ অন্যান্য জায়গায় যিনি বালু উত্তোলন এবং স্টক করছেন প্রতিনিয়ত তাদেরকে জেল জরিমানা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।”
নদীর তীরবর্তী এলাকায় শত শত বিঘা আবাদি জমি ও বেশ কিছু পরিবারের ভিটেমাটি নদী গর্ভে তলিয়ে গেছে। এছাড়াও ভাঙন আতঙ্কে রয়েছে মসজিদ-মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি আশ্রয়ণ প্রকল্পের বসতবাড়িসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।