× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩৭ লাখ টাকার সেতুতে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

কাউনিয়া (রংপুর) প্রতিবেদক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৫:৫৩ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২৬ ১৬:১০ পিএম

সেতুর দুই পাশে দেওয়া হয়েছে বাঁশের সাঁকো, তাতেই যাতায়াত চলছে ১০ গ্রামের মানুষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সেতুর দুই পাশে দেওয়া হয়েছে বাঁশের সাঁকো, তাতেই যাতায়াত চলছে ১০ গ্রামের মানুষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের গোপিডাঙ্গা মৌলভীবাজার এলাকায় পাকা সেতু থাকলেও নেই সংযোগ সড়ক।

সেতুর দুই পাশে দেওয়া হয়েছে বাঁশের সাঁকো। আর সেই দিয়েই যাতায়াত চলছে ১০ গ্রামের মানুষের। প্রায় ১০ বছর ধরে চলে আসা এই জনদুর্ভোগ চরমে হলেও নিরব কর্তৃপক্ষ। 

জরাজীর্ণ ব্রিজটি এখন স্থানীয় হাজারো মানুষের জন্য মৃত্যুফাঁদে বলা চলে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ব্রিজটির একটি অংশ একপাশে মারাত্মকভাবে হেলে পড়েছে।

এ ছাড়া মূল কাঠামোর দুই পাশের সংযোগস্থল ধসে যাওয়ায় সেখানে অস্থায়ীভাবে কাঠের পাটাতন বসিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। নড়বড়ে এই কাঠের ওপর দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার করছেন সাধারণ মানুষ।

স্থানীয়দের দাবি, যেকোনো সময় ব্রিজটি ধসে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।

তাদের ভাষ্য, মৌলভীবাজার এলাকার গুরুত্বপূর্ণ এই ব্রিজটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান ও ঘোড়ার গাড়ি চলাচল করে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহনের অন্যতম প্রধান পথ হওয়ায় বাধ্য হয়েই আতঙ্ক নিয়ে প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ ব্রিজ ব্যবহার করছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, ব্রিজটির এমন বেহাল অবস্থার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। কৃষকরা নিরাপদে তাদের উৎপাদিত ফসল বাজারে নিতে পারছেন না, ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। রাতের বেলায় ব্রিজটি দিয়ে চলাচল আরও বিপজ্জনক হয়ে ওঠে।

এ বিষয়ে রংপুর ৪ (কাউনিয়া- পীরগাছা) আসনের বর্তমান স্থানীয় সংসদ সদস্য আখতার হোসেন, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরের কাছে আবেদন নিবেদন করেও কোনো ফল হচ্ছে না বলে দাবি এলাকাবাসীর।

২০১৪ সালে ইউএসএআইডি ও বাংলাদেশ সরকারের অর্থায়নে, কেয়ার বাংলাদেশের সহযোগিতায় ও এলজিইডি এর বাস্তবায়নে ৩৭ লাখ ২৪ হাজার ১৮৩ টাকা ব্যয়ে পাকা সেতু নির্মাণ করা হয়।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী জানান, প্রতিবছর সেতুর দুই পাশের মাটি সরে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়, আর জনগণের দুর্ভোগ প্রশাসন দেখেন না।

ইউপি সদস্য হাফিজার রহমান জানান, সমস্যাটি সমাধানে চেয়ারম্যান সাহেবকে অনেক বার বলেছি কিন্তু পরিষদ থেকে এত বড় সেতু তৈরির টাকা না থাকায় তা সম্ভব হচ্ছে না।

ইউপি চেয়ারম্যান আনছার আলী বলেন, “গত বছর মাটি কেটে ভরাট করেছি আবারও বন্যায় ভেঙে গেছে। নড়বড়ে সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণের জন্য প্রকৌশল দপ্তরে ৪ থেকে ৫ বার আবেদন করেও কোনো কাজ হচ্ছে না”।

এ বিষয়ে জানতে চাইলে কাউনিয়া উপজেলা প্রকৌশলী মো. মনিরুল ইসলাম বলেন, “মৌলভীবাজার এলাকার ব্রিজটি নির্মাণের জন্য ইতোমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পটির অনুমোদনও হয়েছে। ফিজিবিলিটি স্টাডি ও টোপোগ্রাফিক (টোপো) সার্ভে সম্পন্ন হয়েছে। বর্তমানে এটি ডিজাইন পর্যায়ে রয়েছে। আশা করছি, খুব শিগগিরই টেন্ডার অনুমোদন হবে। এরপরই নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা