মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৫:৩৫ পিএম
প্রতীকী ছবি।
রংপুরের মিঠাপুকুরে সাপের কামড়ে হাবিবুর রহমান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সাপে কাটার পর হাসপাতালে না নিয়ে ঝাড়ফুঁকের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
উপজেলার লতিবপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে রবিবার রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হাবিবুর ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় বাড়ির অদূরে মাছ ধরতে যান হাবিবুর রহমান। রাত ১০টার দিকে পুকুর পাড় দিয়ে হেঁটে বাড়ি ফেরার সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। তিনি তাৎক্ষণিকভাবে পায়ের ওপরে শক্ত বাঁধন দিয়ে বাড়ি ফেরেন।
স্বজনরা তাকে হাসপাতালে না নিয়ে স্থানীয় এক কবিরাজের কাছে ঝাড়ফুঁকের জন্য নিয়ে যান। এতে সাময়িক সুস্থ বোধ করলেও কিছুক্ষণের মধ্যেই তার অবস্থার দ্রুত অবনতি হতে থাকে।
রাত সাড়ে ১১টার দিকে তাকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত দেড়টার দিকে তিনি মারা যান।
লতিবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য বাদল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাছ ধরে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটেছে।”
তিনি সাপে কাটা রোগীদের কবিরাজের কাছে না নিয়ে সরাসরি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার আহ্বান জানান।