টঙ্গী (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৫:২৪ পিএম
স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী পিপাশা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে গলায় ওরনা পেঁচিয়ে অটোরিকশাচালক স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।
মাছিমপুর কলাবাগান এলাকায় সোমবার রাত পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের ঘটনায় রাতেই ওই নারীকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
নিহত অটোরিকশাচালকের নাম আবুল কালাম (২২)। তিনি জামালপুর জেলার মেলান্দহ থানার টগারচর গ্রামের আফছার আলীর ছেলে।
গ্রেপ্তার পিপাশা আক্তার (২১) একই এলাকার আব্দুল করিমের মেয়ে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মাসখানেক আগে জীবিকার তাগিদে স্বপরিবারে টঙ্গীতে আসেন আবুল কালাম। পরে টঙ্গী পশ্চিম থানাধীন কলাবাগান বস্তিতে বাসা ভাড়া নিয়ে অটোরিকশা চালিয়ে আসছিলেন।
সোমবার রাতে বাসায় ফেরার পর পারিবারিক বিষয়ে স্ত্রীর সাথে ঝগড়া হয় তার। একপর্যায়ে পিপশা আবুল কালামের গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পিপশাকে আটক করে পুলিশে খবর দিলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ পিপাশাকে গ্রেপ্তার করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।”