× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানবপ্রাচীর ও সমাবেশ

প্রস্তাবিত স্থানেই বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোরালো দাবি

বগুড়া অফিস ও শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৪:৩৪ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২৬ ১৪:৩৫ পিএম

প্রস্তাবিত স্থানেই বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে ঢাকা-বগুড়া মহাসড়কে মানবপ্রাচীর ও সমাবেশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রস্তাবিত স্থানেই বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে ঢাকা-বগুড়া মহাসড়কে মানবপ্রাচীর ও সমাবেশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত স্থানেই বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানবপ্রাচীর ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

পরে তারা ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জেলা প্রশাসকের আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার সকাল ১০টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় এ কর্মসূচি শুরু হয়। এতে শাজাহানপুর, গাবতলী, শেরপুর, ধুনট ও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেন।

আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান ও অধ্যক্ষ আব্দুল হালিমসহ স্থানীয় নেতারা কর্মসূচিতে বক্তব্য দেন।

অধ্যক্ষ আব্দুল হালিম বলেন, জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য পর্যাপ্ত জমি রয়েছে। ভূমি অধিগ্রহণেও কোনো বাস্তব প্রতিবন্ধকতা নেই। ভৌগোলিক অবস্থান, মনোরম পরিবেশ, উন্নত সড়ক যোগাযোগ, নির্মাণাধীন বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ এবং পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) নিকটবর্তী হওয়ায় এই এলাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য উপযোগী।

মানবপ্রাচীর ও সমাবেশে বক্তারা বলেন, প্রায় ২৫ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া শাজাহানপুরের জামালপুর এলাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। এখন ভূমি অধিগ্রহণে জটিলতার কথা বলে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থান পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

বক্তারা বলেন, জামালপুরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে। পাশাপাশি শিক্ষা ও গবেষণার প্রসার, স্থানীয় অর্থনীতির বিকাশ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তারা আরও বলেন, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত বছরের ৩ ডিসেম্বর ভূমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেছে। কিন্তু ছয় মাসেও ওই আবেদন নিষ্পত্তি হয়নি।

কর্মসূচিতে বক্তারা দাবি করেন, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেছেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক আবেদনও করেছেন তিনি। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফর শেষে ফেরার পথে জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন বলেও তারা দাবি করেন।

দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক তৌফিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গুরুত্বসহকারে তুলে ধরার আশ্বাস দেন। পরে আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেন। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা