নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৪:১৭ পিএম
ফতুল্লার হাজীগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ, বাড়িঘরে ভাঙচুর ও মারধরে নারী-পুরুষসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।
ফতুল্লার হাজীগঞ্জ ঈদগাহ সড়কে সোমবার রাত ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঈদগাহ সড়ক এলাকায় ফারুক মিয়ার ছেলে অপূর্বের নেতৃত্বে ব্রাজিল সমর্থকদের একটি দল এবং জাহাঙ্গীর মিয়ার ছেলে হাবিবের নেতৃত্বে আর্জেন্টিনা সমর্থকদের আরেকটি দল রয়েছে। সম্প্রতি বিশ্বকাপে ব্রাজিলের পরাজয়ের পর আর্জেন্টিনা সমর্থকরা উল্লাস করেন। পরে আর্জেন্টিনা ফাইনালে হেরে গেলে ব্রাজিল সমর্থকরা উদযাপন শুরু করেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
একপর্যায়ে হাবিবের পক্ষ অপূর্বের লোকজনকে ধাওয়া দেয় বলে অভিযোগ পাওয়া যায়। পরে রাতে উভয় পক্ষ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর, কয়েকজন নারীকে মারধর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৮ জন আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় আর্জেন্টিনা সমর্থকরা পাল্টা ধাওয়া দিয়ে কয়েকজনকে আটক করে মারধর করা হয় বলেও জানান স্থানীয়রা।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, “বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে কিশোর বয়সী কয়েকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও তার আগেই উভয় পক্ষ সরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”