× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাইকোর্টের স্থগিতাদেশে থমকে গেল খুলনা চেম্বার নির্বাচন

খুলনা অফিস

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৩:৩১ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২৬ ১৩:৫৫ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

নির্বাচনী তফসিল প্রকাশের পর প্রার্থী তালিকা ঘোষণার আগমুহূর্তে আইনি জটিলতায় থমকে গেল খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন।

নির্বাচনের তফসিলের কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট রুল জারি করায় আপাতত সব ধরনের নির্বাচনী কার্যক্রম বন্ধ হয়ে গেল। ফলে আজ মঙ্গলবার বৈধ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ এবং পরবর্তী আপিল কার্যক্রমও স্থগিত থাকবে।

হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আশিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ নির্বাচনের তফসিল কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে চেম্বারের প্রশাসক ও নির্বাচন বোর্ডের চেয়ারম্যানকে আগামী ৪ আগস্টের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। সম্প্রতি আদালতের এ আদেশ নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের কাছে পৌঁছেছে।

নির্বাচন বোর্ড জানিয়েছে, আদালতের নির্দেশনার কারণে মঙ্গলবার বৈধ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হচ্ছে না। একই সঙ্গে ২২ থেকে ২৪ জুলাই মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ ও নিষ্পত্তির কার্যক্রমও আপাতত বন্ধ থাকবে।

এদিকে, ৬৯৭ জন নতুন সদস্যকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, গত ৬ জুলাই আপিল বোর্ডের দেওয়া আদেশ বাতিল এবং আগামী ২২ আগস্ট নির্ধারিত নির্বাচন স্থগিত চেয়ে এফবিসিসিআইয়ের আর্বিট্রেশন ট্রাইব্যুনালে দায়ের করা মামলার শুনানিও অনিশ্চয়তার মুখে পড়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর এফবিসিসিআই ভবনে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে শুনানি না ও হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, আইন লঙ্ঘন করে ৮৯৮ জন নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে, এ অভিযোগ তুলে গত ৭ জুলাই হাইকোর্টে রিট করেন এম. বদরুল আনাম খান। রিটে তিনি দাবি করেন, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৮ ধারা এবং চেম্বারের সংঘবিধির ৫ নম্বর বিধি লঙ্ঘন করে সদস্যপদ দেওয়া হয়েছে।

এ বিষয়ে গত ২২ জুন বাণিজ্য সংগঠনসমূহের মহাপরিচালকের কাছে অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে আদালত বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য সংগঠনসমূহের মহাপরিচালক (ডিটিও), চেম্বারের প্রশাসক, বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উপসচিব এবং নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে রুল জারি করেন।

অন্যদিকে, চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়া খন্দকার ইকবাল কবিরসহ ৫১ জন গত ৯ জুলাই এফবিসিসিআইয়ের আর্বিট্রেশন ট্রাইব্যুনালে পৃথক মামলা করেন। মামলায় ৬৯৭ নতুন সদস্যকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, আপিল বোর্ডের সিদ্ধান্ত বাতিল এবং নির্বাচন স্থগিতের আবেদন জানানো হয়।

ব্যবসায়ী মহলের ভাষ্য, প্রায় এক দশক পর সরাসরি ভোটে চেম্বার নির্বাচনকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। ২৫টি পরিচালকের পদের বিপরীতে ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে মঙ্গলবার প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ এবং আগামি ২২ আগস্ট ভোট গ্রহণের কথা ছিল। কিন্তু আদালতের নির্দেশে পুরো প্রক্রিয়াই আপাতত স্থগিত হয়ে গেল। এতে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড খুলনার পরিচালক (উপসচিব) শাহীনুজ্জামান বলেন, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী নির্বাচনী তফসিলের সব কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তাই প্রার্থী তালিকা প্রকাশ করা হচ্ছে না। আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা