গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৩:১৪ পিএম
নিহত রিযান মোল্লার স্বজনদের আহাজরি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গোপালগঞ্জের মুকসুদপুরে একটি বাগানে পরিত্যক্ত পুকুর থেকে রিয়ান মোল্লা (১৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ৩টার দিকে মুকসুদপুর উপজেলার কমলাপুর
গ্রামের জনৈক আওলাদ মোল্লার বাগানে পরিত্যক্ত পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার
করা হয়।
নিহত শিশু রিয়ান মোল্লা মুকসুদপুর উপজেলার কমলাপুর
মধ্যপাড়া গ্রামের রিপন মোল্লার ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, গত রবিবার রিয়ান তার দুই
সঙ্গী আরিফ ও মুরছালিনকে সঙ্গে নিয়ে জনৈক আওলাদ মোল্লার বাগানে গাছ থেকে ডাব
পাড়তে যায়। পরে রিয়ান গাছে উঠে ডাব পাড়তে গেলে গাছ থেকে পরিত্যক্ত পুকুরে পড়ে
যায়।এ সময় দুই সঙ্গী আরিফ ও মুরছালিন পুকুরে খোঁজাখুঁজি করে রিয়ানকে না পেয়ে তারা বাড়ি
ফিরে গেলেও কাউকে কিছু জানায়নি।
এদিকে রিয়ান বাড়ি ফিরে না এলে পরিবারের সদস্যরা
বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে আরিফ ও মুরছালিনকে জিজ্ঞাসাবাদ করলে তারা
ডাব চুরি ও পুকুরে পড়ে যাওয়ার বিষয়টি জানায়।
তাদের দেওয়া তথ্যমতে পুকুরে খোঁজ করে রিয়ানের মরদেহ
উদ্ধার করা হয়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ওসি আবদুল্লাহ আল মামুন জানান, আরিফ মিয়া এবং মুরছালিন শেখকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।